ভিলাহারমোসা, মেক্সিকো, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অতিবর্ষণে সৃষ্ট বন্যায় মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় টাবাক্সো রাজ্যে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ আটকা পড়েছেন।
অনেকেই বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় ৫০ হাজারের বেশি মানুষ। গত ৫০ বছরের সবচেয়ে ভয়াবহ এই বন্যায় মারা গেছে একজন।
প্রেসিডেন্ট ফিলিপ কালডেরন এই বন্যাকে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বলে অভিহিত করেছেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, "দুর্যোগ আরও ভয়াবহ আকার ধারণ করছে।"
টেলিভিশন চিত্রে দেখা যায়, ছাদ সমান উচুঁ পানির মধ্যে উদ্ধারকর্মীরা আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা করছেন।
টাবাক্সোর গভর্নর আন্দ্রেস গ্রানিয়ার জানিয়েছেন, রাজ্যের লোকসংখ্যার প্রায় অর্ধেক (দশ লাখ) মানুষ পানিতে আটকা পড়েছেন এবং উদ্ধারের জন্য স্থানীয় বেতারে বার্তা পঠিয়েছেন।
নৌবাহিনীর সদস্যরা এবং জরুরি উদ্ধারকর্মীরা স্থানীয়দের উদ্ধার করে বিভিন্ন হল, পার্কিং গ্যারেজ ও নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিচ্ছেন।
একজন স্থানীয় বাসিন্দা স্রোতে ভেসে যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য রাস্তায় ল্যাম্পপোস্টের সঙ্গে দড়ি বেঁধে ধরে রেখেছেন। তিনি চিৎকার করে বলেন, "ঈশ্বর আমাদের রক্ষা করুণ। এমন বিপদে আমরা কখনও পড়িনি।"
তিনি আরও বলেন, "আমি একটি ছাদ থেকে লাফ দিয়ে এখানে আশ্রয় নিয়েছি যাতে উদ্ধারকর্মীরা আমাকে নিয়ে যেতে পারে।"
বন্যার পানি বাড়তে থাকায় রাজ্যের অনেক আশ্রয় কেন্দ্রও খালি করে মানুষজন সরিয়ে নেওয়া হচ্ছে।
রাজ্যের গভর্নর আন্দ্রেস গ্রানিয়ার জানিয়েছেন, হাজার হাজার সেনা ও স্বেচ্ছাসেবক শহরের একটি হাইওয়ে রক্ষার জন্য চেষ্টা করে যাচ্ছেন। ওই মহাসড়ক ভেঙে গেলে শহরের প্রায় ৯৫ শতাংশ এলাকা ৭ ফুট পানির নিচে তলিয়ে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭০৩ঘ.
bdnews24