ওয়াশিংটন, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কংগ্রেস ইরানে হামলা চালানোর কোনো ক্ষমতা প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে দেয়নি--- এ সতর্কবাণী দিয়ে লেখা একটি চিঠিতে সিনেটর হিলারি ক্লিনটনের সই করা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে প্রতিপক্ষ ওবামার সঙ্গে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। ইরানের বিরুদ্ধে কঠোর মনোভাব নিয়ে সমালোচনার মুখে থাকা হিলারি এ ইস্যুতে তার অবস্থানকে খাপ খাইয়ে নেওয়ার জন্যই চিঠিতে সই করেছেন বলে নতুন অভিযোগ তুলেছেন ওবামা।
উল্লেখ্য, দুদিন আগেই ইরানের সামরিক ইউনিটকে সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত করে আনা এক প্রস্তাবনায় ভোট দেওয়া নিয়ে প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে প্রতিপক্ষদের ত্রিমুখী আক্রমণের শিকার হয়েছেন হিলারি। তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য বারবার মত পাল্টানোসহ ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের অভিযোগ আনেন প্রবল প্রতিপক্ষ বারাক ওবামা।
এর পরপরই আবার ইরানের বিরুদ্ধে বুশ প্রশাসনের 'উস্কানিমূলক বিবৃতি এবং পদক্ষেপের' বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে ২৯ জন সিনেটরের সই করা চিঠিতে সই করে হিলারি নতুন বিতর্ক উস্কে দিলেন। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কানেকটিকাটের ক্রিস ডড চিঠিতে সই করেছেন। কিন্তু ইলিনইসের বারাক ওবামা এবং দেলাওয়ারের জোসেফ বিদেন এতে সই করেননি।
হিলারির এমন অবস্থান পরিবর্তন সম্পর্কে নতুন অভিযোগ তুলে ওবামার মুখপাত্র বিল বার্টন বলেছেন, "তিনি তার অবস্থান পরিবর্তনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। অথচ দেশের কোনো জটিল ইস্যুতে তিনি এখনও তার অবস্থান জানাননি।
আর সিনেটর ওবামা জানেন, চিঠি নয়, আইনের মধ্য দিয়েই কোনো ইস্যুতে ভোট অকার্যকর করা যায়।"
ইরানের সামরিক ইউনিটকে সন্ত্রাসীদল হিসাবে গণ্য করার বিলে হিলারির ভোট দেওয়াকে ইস্যু করেই ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার দৌড়ে হিলারির বিপুল জনপ্রিয়তা ক্ষুন্ন করার চেষ্টা নিয়েছেন তার প্রতিপক্ষ প্রেসিডেন্ট পদপ্রার্থীরা।
তারা বলছৈন, হিলারির ওই ভোটের কারণে বুশ ইরানে হামলা চালাতে উৎসাহিত হবেন। তবে হিলারির কথা হল, এর মধ্য দিয়ে তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক প্রচেষ্টাই আরও জোরদার করার চেষ্টা করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫০৩ঘ.
bdnews24