নাইরোবি, নভেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রুয়ান্ডা গণহত্যায় সন্দেহভাজন অভিযুক্তদের রুয়ান্ডায় প্রত্যর্পনের বিরোধিতা করে তাদের দেশটিতে ফেরৎ না পাঠানোর জন্য বিভিন্ন দেশের সরকারের কাছে শুক্রবার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
রুয়ান্ডায় ১৯৯৪ সালের ১০০ দিনব্যাপী গণহত্যায় তুতসি ও হুতু জাতিগোষ্ঠীর প্রায় ৮,০০,০০০ মানুষকে হত্যা করা হয়। এজন্য দায়ী সন্দেহভাজনদের দেশটিতে প্রত্যর্পনের জন্য উত্তর আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশের কাছে রুয়ান্ডা সরকারের অনেুরোধের পর সংস্থাটি এ আহ্বান জানায়। অ্যামনেস্টির দাবি গণহত্যা, যুদ্ধপরাধ এবং ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার মতো প্রয়োজনীয় বিচারিক কাঠামো নেই রুয়ান্ডার।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায় এ বছর ব্রিটেন, নেদারল্যান্ডস, কানাডা, ফ্রান্স এবং ফিনল্যান্ডের কাছে গণহত্যায় সন্দেহভাজনদের প্রত্যর্পনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে রুয়ান্ডা।
সংস্থাটি জানায়, রুয়ান্ডার বিচার ব্যবস্থার উন্নতি সত্ত্বেও গণহত্যার সঙ্গে সম্পৃক্ত অপরাধের সঠিক ও নিরপেক্ষ তদন্ত এবং এ ধরনের ঘটনা বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়ে কিগালির আইনি সুযোগ দক্ষতা নিয়ে উদ্বিগ্ন তারা।
অ্যামনেস্টির আফ্রিকা প্রোগ্রামের কর্মকর্তা আরউইন ভ্যান ডার বোর্থ এক বিবৃতিতে জানান, " এ ভয়াবহ অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও বিচারে রুয়ান্ডার জাতীয় আদালতের দায়িত্ব গ্রহণের গুরুত্বের বিষয়টিকে স্বীকার করছি আমরা।"
তিনি বলেন, "কিন্তু, গণহত্যার ঘটনা এবং অভিযুক্ত উভয় দিকের জন্যই ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষা করার জন্য এসব আদালতের আরও বহুদূর অগ্রসর হতে হবে।"
অ্যামনেস্টির ওই কর্মকর্তা বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা এখন যেসব দেশে বসবাস করছেন সেসব দেশেরই উচিৎ হবে নিজ নিজ উদ্যোগে তাদের বিচার করা।
তাঞ্জানিয়া ভিত্তিক 'ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর রুয়ান্ডা'-কে কোনো মামলা দেশটির কর্তপক্ষের কাছে হস্তান্তর না করার জন্যও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
সংস্থাটির দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে আবেদনের মাধ্যমে রুয়ান্ডা ট্রাইবুনালকে আরও কার্যকর করে আরও সময় ও তহবিল বরাদ্দ নিয়ে এ ট্রাইবুনালেই বিচারাধীন মামলাগুলো শেষ করা উচিৎ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১০ ঘ.
bdnews24