সিডনি, নভেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্ব বাজারে তেলের দামের নতুন রেকর্ড সৃষ্টি করে বৃহস্পতিবার তা ব্যারেলপ্রতি ৯৬ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের মজুদে বড় ধরনের পতনের পর আগেরদিনের শতকরা ৫ ভাগ দরবৃদ্ধি আরও বেড়ে বৃহস্পতিবার তা এ রেকর্ড পরিমাণে উন্নীত হয়। একইসঙ্গে ইউরোর বিপরীতে মার্কিন ডলারের রেকর্ড পরিমাণ দর পতনের ফলে তেলের বাজার আরও চাঙ্গা হয়। ইরানি বিপ্লবের পর ১৯৮০ সালের এপ্রিলে তেলের দামের সর্বোচ্চ রেকর্ড (মূল্যস্ফীতিসহ) ১০১.৭০ ডলারের এযাবৎকালের সবচেয়ে কাছাকাছি বৃহস্পতিবারের ব্যারেলপ্রতি ৯৬.২৪ ডলার।
ইলেকট্রনিক বাণিজ্যে ডিসেম্বর মাসের জন্য যুক্তরাষ্ট্রের তেলের সরবরাহ ব্যারেলপ্রতি ৯৬.২৪ ডলারে উন্নীত হয়। বুধবার গত দশ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রায় ৫ শতাংশ (৪.১৫) বেড়ে যায় তেলের দাম। যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের মজুদে প্রায় ৩৯ লাখ ব্যারেলের অপ্রত্যাশিত পতনের তথ্য প্রকাশ হওয়ার পর তেলের বাজারে বড় ধরনের দরবৃদ্ধি ঘটে।
এ বছরের শুরুর সময় থেকে এ পর্যন্ত তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। আর শীতকালীন যোগন ঘাটতির আশঙ্কা, দাম বাড়ার আশঙ্কায় অনুমান নির্ভর ক্রয়বৃদ্ধি এবং মার্কিন ডলারের দর পতনের কারণে শুধু গত মাসেই এ মূল্যবৃদ্ধি ছিল প্রায় ১৮ শতাংশ।
তেলের এ মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতির সমন্বয়সহ সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি চলে এসেছে। কিন্তু বিশ্বের সর্ববৃহৎ জ্বালানি ভোক্তা দেশ যুক্তরাষ্ট্রের অর্থনীতি এ মূল্যবৃদ্ধির সঙ্গে আশ্চর্যজনকভাবে স্থিতিস্থাপকতা দেখিয়েছে।
গত চার মাসে যুক্তরাষ্ট্রের জিডিপি বার্ষিক হারের হিসেবে প্রায় ৩.৯ ভাগ বেড়েছে। ২০০৬ সালের প্রথম চার মাসের পর এটাই মার্কিন প্রবৃদ্ধি বৃদ্ধির সবচেয়ে দ্রুততম হার। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে এ সময়ে বেসরকারি খাতে প্রায় ১,০৬,০০০ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। যেখানে অর্থনীতিবিদদের অনুমান ছিল মাত্র ৬০,০০০ নতুন চাকরির।
তেলের দাম নিয়ন্ত্রনের জন্য ওপেককে আরও তেল সরবরাহের আহ্বান জানানো হয়েছে। কিন্তু ওপেক বলছে আশঙ্কা এবং রাজনীতিই তেলের এ দরবৃদ্ধির জন্য দায়ী। বিশ্লেষকরা ধারণা করছেন এ অবস্থা চলতে থাকলে অচিরেই তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার স্পর্শ করবে।
বিডনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫০ ঘ.
bdnews24