বাগদাদ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাক কর্তৃপক্ষ পিকেকে'র কুর্দি বিদ্রোহি যোদ্ধাদের তৎপরতা মোকাবিলায় বেশি বেশি চেকপয়েন্ট বসাতে শুরু করেছে এবং পাবর্ত্যাঞ্চলের কুর্দি ঘাঁটিগুলোতে পণ্য সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি বুধবার একথা বলেছেন।
এক সংবাদ সম্মেলনে জেবারি বলেন, " পিকেকে বিদ্রোহিদের কাছে খাবার ও জ্বালানি সরবরাহ ঠেকাতে বেশ কিছু সংখ্যক চেকপয়েন্ট বসানো হয়েছে। পাশাপাশি জনবহুল নগরীগুলোতে তাদের প্রবেশ ঠেকানোরও পদক্ষেপ নেওয়া হয়েছে।"
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জেবারি বলেন, "এ মাসের শুরুতে এক হামলার ঘটনায় পিকেকে বিদ্রোহিদের হাতে আটক ৮ তুর্কি সেনার মুক্তি নিশ্চিত করার জন্য জোর প্রচেষ্টা চলছে।"
উল্লেখ্য, তুরস্ক উত্তর ইরাকে ৩ প্রায় হাজার কুর্দি বিদ্রোহী নির্মূলে হামলা চালানোর প্রস্তুতি হিসাবে সীমান্তে ১ লাখ সেনা মোতায়েন করেছে। কিন্তু
ওয়াশিংটন এবং বাগদাদের আশঙ্কা, এ ধরনের অভিযান ওই অঞ্চলকে অস্থিতিশীল করবে।
তুরস্কের নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহিরা ইরাকের উত্তরাঞ্চলে আশ্রয় নিয়ে সেখান থেকে তুরস্কে হামলা চালাচ্ছে বলে তুরস্ক অভিযোগ করে আসছে। বিচ্ছিন্নতাবাদী এই গেরিলাদের দমন করার জন্য তুরস্ক ইরাককে আহ্বান জানিয়েছে।
তুরস্কের মতো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও পিকেকে কে সন্ত্রাসী দলের তালিকাভুক্ত করেছে। তবে কুর্দি বিদ্রোহ দমনে ইরাকে বড় ধরনের তুর্কি হামলা এড়ানোর জন্য তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইরাকি কর্মকর্তারা কূটনৈতিক প্রচেষ্টা নেবেন বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৫ঘ.
bdnews24