কাবুল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে আফগান ও ন্যাটো সেনাদের বড় ধরনের অভিযানে ৫০ জনেরও বেশি তালেবান যোদ্ধা হতাহত হয়েছে। সোমবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে ন্যাটোর নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স' (ইসাফ) এবং আফগান সেনাদের বড় ধরনের অভিযান চলাকালে রোববার এক সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাহের মুরাদ বলেন, "বৃহস্পতিবার শুরু হওয়া স্পিন ঘার অভিযানের অংশ এটি। ঠিক কতজন জঙ্গি মারা গেছে সে সম্পর্কে আমরা জানি না। যুদ্ধক্ষেত্রে এখনও তাদের লাশ পড়ে আছে।"
তিনি বলেন, আফগান এবং ইসাফ সেনারা জঙ্গিদের সঙ্গে সম্মুখযুদ্ধ করে এবং জঙ্গিদের পরাস্ত করতে তারা বিমান সাহায্য চায়।
তিনি আরও বলেন, সংঘর্ষে আফগান সরকার বা ইসফের কোনো সদস্য নিহত হয়নি এবং ১৩ জন জঙ্গি ধরা পড়েছে।
ইসাফের এক মুখপাত্র বলেন, সংঘর্ষে কয়েক ডজন তালেবান জঙ্গি নিহত হয়েছে।
এর আগে গত শনিবার প্রতিবেশী হেলমান্দ প্রদেশের মুসা কালা জেলার আশপাশে অভিযান চালিয়ে ৮০ জনের বেশি তালেবান যোদ্ধাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী। প্রসঙ্গত, মুসা কালা আফগানিস্তানের তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর।
এদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হেলমান্দ প্রদেশের রাজধানীতে সোমবার এক আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ ও শিশুসহ কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া ওই হামলায় এক পুলিশসহ ছয়জন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি।
উল্লেখ্য, আফগান সরকার এবং বিদেশি সেনাদের বিতাড়নের লক্ষ্যে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা শুধু এ বছরেই ১৩০টির বেশি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। আর ওইসব হামলায় নিহত হয়েছে দুই শতাধিক লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫৭ ঘ.
bdnews24