তেহরান, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর/রয়টার্স ) - যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গ্র"পগুলোকে মদদ দিচ্ছে - এমন প্রমাণ আছে বলে দাবি করেছে ইরান। ইরানের নতুন শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি রোববার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ অভিযোগ করেন। ইরান সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আলি বাবাকানের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। একইদিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকিও এ অঞ্চলে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।
তেহরান বলছে, ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতিতেই ওইসব জঙ্গি তৎপরতা থেকেই এটা বোঝা যায় যে, ওয়াশিংটন জাঙ্গি দমনের আগ্রহী নয়। প্রসঙ্গত, তুরস্কের মতোই ইরান সীমান্তেও কুর্দি বিদ্রোহীরা সহিংসতা চালিয়ে আসছে এবং তার জবাবে ইরানও ইরাকি সীমান্তের ভেতরে পাল্টা হামলা চালাচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাঈদ জলিলি বলেন, "ইরাকে দখলদারদের, বিশেষত মার্কিনিদের উপস্থিতির একটা সরাসরি ফল এ অঞ্চলে সন্ত্রাসবাদ বেড়ে যাওয়া।"
জলিলি আরও বলেন, "এ অঞ্চলে সন্ত্রাসবাদে আমেরিকার সমর্থনের বিষয়ে তথ্য-প্রমাণ ও নথিপত্র আছে।"
এদিকে তেহরানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বাবাচানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকি বলেছেন, " এ অঞ্চলের কিছু সন্ত্রাসবাদী তৎপরতায় তাদের হাত রয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে।"
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী কুর্দি গেরিলাদের মোকাবেলায় সহযোগিতার জন্য ইরানকে ধন্যবাদ জানান, এবং বলেন এ বিষয়ে দ্বিপাক্ষিক সহায়তা বজায় রাখা নিয়ে দু'পক্ষের মধ্যে কথা হয়েছে।
যুক্তরাষ্ট্র প্রায়শই অভিযোগ করে থাকে যে ইরান ইরাকি গেরিলাদের সহযোগিতা করছে এবং তাদের অস্ত্রশস্ত্র সরবরাহসহ প্রশিক্ষণ দিচ্ছে। ইরান বরাবরই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৪৫ ঘ.
bdnews24