২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ২৮ পুলিশ নিহত

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের একটি পুলিশ ঘাঁটিতে সোমবার এক আত্মাঘাতী বোমা হামলায় ২৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলাকারী একটি মটরসাইকেলে করে ওই হামলা চালায়। ইরাকি পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 08:30 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

বাগদাদ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের রাজধানী বাগদাদের উত্তরের একটি পুলিশ ঘাঁটিতে সোমবার এক আত্মাঘাতী বোমা হামলায় ২৮ পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলাকারী একটি মটরসাইকেলে করে ওই হামলা চালায়। ইরাকি পুলিশ একথা জানিয়েছে। দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবার একটি ঘাঁটিতে এ হামলা গত কয়েক মাসের মধ্যে ইরাকের নিরাপত্তারক্ষীদের ওপর চালানো ভয়াবহ হামলাগুলোর অন্যতম হামলা হিসাবে বিবেচিত হচ্ছে। প্রসঙ্গত, দিয়ালা প্রদেশে আল-কায়েদা এবং সুন্নি আরব জঙ্গিদের সংগঠনসহ শিয়া মুসলিম জঙ্গিরাও সক্রিয় রয়েছে। কোনো সংগঠন এখনও এ হামলার দায়-দায়িত্ব স্বীকার না করলেও হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে, হামলাটি হয়তো আল-কায়েদা জঙ্গিরা করেছে। দিয়ালা প্রদেশের পুলিশ প্রধান মেজর-জেনারেল ঘনিম আল-কুরাইশি বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশের একটি বিশেষ ইউনিটের ওই ঘাঁটিতে প্রবেশ করে সকালের ব্যায়ামরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ঘটনাস্থালের সবাই নিহত বা মারাত্মক আহত হওয়ার কারণে বোমা হামলাটি সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, হামলায় এক নারী ও শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। দিয়ালা প্রদেশের আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন এবং ইরাকি সেনাবাহিনী এ বছর অভিযান চালিয়ে পুনরায় প্রদেশের রাজধানী বাকুবার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তাদের সে অভিযানের ফলে অনেক জঙ্গিই অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/এলকিউ/১৩৪৮ ঘ.