২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরনের অভিযানের বিষয়ে তুরস্ককে সতর্ক করল ইরাক

কুর্দি গেরিলাদের নির্মূলের লক্ষ্যে তুরস্ক ইরাকে বড় ধরনের সামরিক অভিযান চালালে তা এ অঞ্চলে বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি সোমবার এ সতর্কবাণী দিয়েছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেবারি বলেন, বর্তমান সঙ্কট "খুবই ভয়াবহ" এবং পরিস্থিতি শান্ত করার জন্য ইরাক যেসব প্রস্তাব দিয়েছে তাতে কোনো আগ্রহ দেখায়নি তুরস্ক। বিবিসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে। >> কুর্দি গেরিলাদের ভূমি মাইনে এক তুর্র্কি সেনা নিহত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 06:33 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

লন্ডন, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কুর্দি গেরিলাদের নির্মূলের লক্ষ্যে তুরস্ক ইরাকে বড় ধরনের সামরিক অভিযান চালালে তা এ অঞ্চলে বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি সোমবার এ সতর্কবাণী দিয়েছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেবারি বলেন, বর্তমান সঙ্কট "খুবই ভয়াবহ" এবং পরিস্থিতি শান্ত করার জন্য ইরাক যেসব প্রস্তাব দিয়েছে তাতে কোনো আগ্রহ দেখায়নি তুরস্ক। বিবিসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানিয়েছে। উত্তর ইরাকের নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রায় তিন হাজার গেরিলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসাবে তুরস্ক ইরাক সীমান্তে যুদ্ধবিমান ও ট্যাংকসহ প্রায় এক লাখ সেনা মোতায়েন রেখেছে। কুর্দি গেরিলাদের, বিশেষকরে উত্তর ইরাকের পার্বত্য এলাকা থেকে যেসব গেরিলা তুরস্কে হামলা চালিয়ে আসছে তাদেরকে হুমকি মনে করছে আঙ্কারা। এমন অবস্থায় আঙ্কারা বলছে, চলমান সমস্যা সমাধানে তারা সামরিক পন্থা অবলম্বন করতে পারে। জেবারির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পার্বত্য সীমান্তের পিকেকে ঘাঁটিতে তুরস্কের অভিযান ঠেকানোর কিছু নেই। তবে তুর্কি সেনাদের বিশাল সমাবেশের পরিপ্রেক্ষিতে এ আশঙ্কা দেখা দিয়েছে যে তুরস্ক হয়তো উত্তর ইরাকে আরও বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে। জেবারি বলেন, ওই ধরনের যে কোনো পদক্ষেপের পরিপ্রেক্ষিতে "বিপর্যয়কর পরিণতি" দেখা দিতে পারে উভয় দেশ এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে। তিনি বলেন, "এ ধরণের অভিযান একটি একতরফা সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে। আর এজন্যই জনগণ এর বিরোধিতা করছে।" জেবারি বলেন, "ইরাকের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা প্রতিবেশী দেশের দ্বারা ক্ষতিগ্রস্ত হোক না হোক সে প্রত্যাশাতেই ইরাকি সরকার এবং জনগণ সত্যিকার অর্থেই একত্রিত হয়েছে।" ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবিসি জানায়, ইরাকে আশ্রয় নেওয়া পিকেকের উর্ধ্বতন নেতাদের হস্তান্তর করার জন্য ইরাকের কাছে দাবি জানিয়েছে তুরস্ক। কিন্তু তাদের এ দাবি পূরণ করা অসম্ভব। তিনি বলেন, "বাস্তবতা হচ্ছে, তারা আমাদের নিয়ন্ত্রণে নেই। তারা রয়েছে পর্বতে এবং তাদের কাছে অস্ত্র রয়েছে।" গত এক মাসে পিকেকে গেরিলারা ১২ তুর্কি সেনাসহ তুরস্কের ৪০ জনকে হত্যা করেছে। তাছাড়া, আট তুর্কি সেনাকে অপহরণ করারও দাবি জানিয়ে আসছে তারা। এমন অবস্থায় তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরাককে চাপ দিয়ে আসছে পিকেকে গেরিলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তুর্কি প্রধানমন্ত্রী তায়েপ এরদোয়ান শনিবার বলেছেন, প্রয়োজন পড়লে সামরিক অভিযানও চালানো হতে পারে। ১৯৮৪ সাল থেকে চলা পিকেকে'র বিচ্ছিন্নতাবাদী অভিযানে দক্ষিণ-পূর্ব তুরস্কের কুর্দি এলাকার প্রায় ৩০ হাজার লোক মারা গেছে। অন্যদিকে, আধা-সায়ত্বশাসিত উত্তর ইরাকে খুব কম নিয়ন্ত্রণ রয়েছে বাগদাদের। অঞ্চলটি কুর্দিস্তান রিজিয়নাল গভার্নমেন্ট দ্বারা শাসিত। আর এখানকার নেতারা ঘোষণা দিয়েছেন যে, তুরস্কের কাছে তারা কাউকেই হস্তান্তর করবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১৫৭ ঘ.