২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ১২টি নগরে বিক্ষোভ

অবিলম্বে ইরাক যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ১২টি নগরীতে শনিবার হাজার হাজার যুদ্ধবিরোধী নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেছেন। বুশ প্রশাসনকে যুদ্ধ তহবিল বন্ধ করে দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা "যুদ্ধাপরাধের" জন্য প্রেসিডেন্ট বুশের ইমপিচমেন্টেরও দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 08:27 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

নিউইয়র্ক, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবিলম্বে ইরাক যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ১২টি নগরীতে শনিবার হাজার হাজার যুদ্ধবিরোধী নাগরিক বিক্ষোভ প্রদর্শন করেছেন। বুশ প্রশাসনকে যুদ্ধ তহবিল বন্ধ করে দেওয়ার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। একইসঙ্গে তারা "যুদ্ধাপরাধের" জন্য প্রেসিডেন্ট বুশের ইমপিচমেন্টেরও দাবি জানান। মার্কিন সিনেটে ইরাক আগ্রাসনের অনুমোদন দেওয়ার পঞ্চম বার্ষিকীতে এ যুদ্ধবিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের 'ইউনাইটেড ফর পিস অ্যান্ড জাস্টিস' (ইউপিএজে) নামক যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে এ দিনটিকে "জাতীয় বিক্ষোভ দিবস" ঘোষণা করে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। এতে বোস্টন ও নিউ অরলিন্স থেকে শুরু করে শিকাগো ও লস এঞ্জেলেস পর্যন্ত ১২টি নগরীর হাজার হাজার মানুষ অংশ নেন। খারাপ আবহাওয়া সত্ত্বেও নিউইয়র্ক এবং ম্যানহাটানের বিক্ষোভে অংশ নেন হাজার হাজার যুদ্ধবিরোধী মার্কিনি। সেখানে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধ তহবিল বন্ধ করে দেওয়ার দাবি জানান। একইসঙ্গে তারা "যুদ্ধাপরাধের" জন্য প্রেসিডেন্ট বুশের ইমপিচমেন্টেরও দাবি জানান। ম্যানহাটানের বিক্ষোভেও অংশ নেয় হাজার হাজার মার্কিনি। বিক্ষোভ- সমাবেশের বক্তাদের মধ্যে যুদ্ধফেরত মার্কিন সেনা এবং ইরাকে মোতায়েন সেনাদের পরিবারের সদস্যরাও ছিলেন। ইউপিএজের এক স্থানীয় আয়োজক লেসলি কিলসেন বলেন, যুদ্ধে "অর্ধেক ট্রিলিয়ন" ডলার খরচ হয়েছে। এ অর্থ শিক্ষা, গৃহায়ণ ও ক্ষুধার্তদের খাওয়ানোর কাজে ব্যবহৃত হতে পারতো। শিকাগোর বিক্ষোভ সমাবেশে অংশ নেয় প্রায় ১০ হাজার যুদ্ধবিরোধী মার্কিনি। এদের মধ্যে মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্য ডেনি ডেভিস এবং রিপাবলিকান সদস্য জ্যান শাকস্কিও ছিলেন। বিক্ষোভ শুরু হওয়ার আগে সমাবেত যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের উদ্দেশে তারা বলেন, সেনা প্রত্যাহারের নির্দিষ্ট সময়সীমা ছাড়া ইরাক যুদ্ধের জন্য আর কোনো তহবিলে সমর্থন দেবেন না তারা। সান ফ্রান্সিসকোতে সবচেয়ে বেশি সংখ্যক লোক যুদ্ধবিরোধী এ বিক্ষোভে অংশ নেয়। আয়োজকরা জানিয়েছেন, তাদের বিক্ষোভে প্রায় এক লাখ লোকের সমাগম হয়। এছাড়া সিয়টল, সল্ট লেক সিটি, ওরল্যান্ডো, ফিলাডেলফিয়া, জোনেসবোরোহ এবং তিনেসিসের বিক্ষোভেও অংশ নেয় হাজার হাজার যুদ্ধবিরোধী মার্কিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫৫ ঘ.