ওয়াশিংটন অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯১৫ সালে অটোমন তুর্কিদের হাতে আর্মেনীয় 'গণহত্যা' বিল পাসে ভোটাভুটির জন্য চাপ সৃষ্টি করা থেকে আপাতত সরে এসেছেন খোদ বিলের উদ্যোক্তারাই। আমেরিকান-আর্মেনীয়রা তুরস্ককে বিপাকে ফেলতে কংগ্রেসে ওই বিতর্কিত বিল উত্থাপন করেন। তুরস্ক ইরাকে হামলার তোড়জোড় শুরু করায় আর্মেনীয় হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসাবে গণ্য করতে বিতর্কিত ওই বিল পেশ করা হয়।
কিন্তু বৃহস্পতিবার উদ্যোক্তারা জানিয়ে দিয়েছেন, ওই বিল প্রশ্নে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোটাভুটির চেষ্টা তারা আপাতত বাদ দিচ্ছেন। এ সিদ্ধান্ত তারা একটি চিঠিতে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিকে জানান। যুক্তরাষ্ট্রের ন্যাটো মিত্র দেশ তুরস্ক এই বিলের তীব্র বিরোধীতা করার পরই এটি নিয়ে ভোটাভুটির জন্য চাপ শিথিল হল।
তবে পেলোসির কাছে চিঠি পাঠানো বিলের আরও চারজন প্রধান উদ্যোক্তা এখনই বলটি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা পুরোপুরি বাদ দেননি। আমেরিকান আর্মেনীয়রা বহু বছর ধরেই বিলটি পাসের চেষ্টা করে আসছেন। কিন্তু বুশ প্রশাসনের তীব্র বিরোধিতার কারণে তাদের সব চেষ্টা বিফলে যাচ্ছে।
তবে এবার বিলের উদ্যোক্তারা নিজেরাই পেলোসিকে এই মুহূর্তে বিলটি নিয়ে ভোটাভুটি না করার অনুরোধ জানিয়েছেন। তবে তারা বলেছেন এ বছর কিংবা আগামী বছরই কোনো এক সময় তারা আবার বিলটি পাসের চেষ্টা চালাবেন।
বিলটি ইতোমধ্যেই ১০ অক্টোবর মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে পাস হয়েছে। ফলে এটি খুব শিগগিরি গোটা প্রতিনিধি পরিষদে পাস হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৪ঘ.
bdnews24