২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চে গুয়েভারার চুল নিলামে বিক্রি

চে'র চুল নিলামে বিক্রির দাবি করেছে মার্কিন নিলামঘর 'হেরিটেজ অকশন গ্যালারিজ'। ডালাসে হিউস্টোনের একটি বইয়ের দোকানির কাছে বৃহস্পতিবার ১,১৯,৫০০ ডলারে আর্জেন্টাইন বংশোদ্ভুত বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারার এক গোছা চুল এবং তার মৃতদেহের ছবিসহ অন্যান্য দ্রব্য বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ডালাস, যুক্তরাষ্ট্র, অক্টোবর ২৬ (বিডনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চে'র চুল নিলামে বিক্রির দাবি করেছে মার্কিন নিলামঘর 'হেরিটেজ অকশন গ্যালারিজ'। ডালাসে হিউস্টোনের একটি বইয়ের দোকানির কাছে বৃহস্পতিবার ১,১৯,৫০০ ডলারে আর্জেন্টাইন বংশোদ্ভুত বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারার এক গোছা চুল এবং তার মৃতদেহের ছবিসহ অন্যান্য দ্রব্য বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে তারা। চুলসহ নিলামকৃত অন্যান্য দ্রব্য ১৯৬৭ সালে বলিভিয়ায় চে' কে হত্যায় সহায়তাকারী এক সিআইএ কর্মকর্তার মালিকানাধীন ছিল বলে জানানো হয়েছে। এই চুলের ক্রেতা বিল বাটলার জানিয়েছেন, তার দোকানে এসবের প্রদর্শনী করবেন তিনি। হেরিটেজ অকশন গ্যালারিজ জানায়, ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার জঙ্গলে তাকে হত্যার পর বলিভিয়ার সেনাদের সঙ্গে ওই অভিযানে সহায়তাকারী সিআইএ কর্মকর্তা গুস্তাভো ভিলালদো চে'র মৃতদেহ থেকে ওই চুলের গোছা কেটে রাখেন। বর্তমানে ৭১ বছর বয়সী সিআইএ গোয়েন্দা গুস্তাভো বলেছেন, ৮ অক্টোবর তাকে ধরার পরদিন একটি স্কুলঘরের ভেতর তাকে গুলি করে হত্যা করা হয়। পরে দুই সহযোগীসহ তাকে কবর দেওয়া হয়। সাবেক এই সিআইএ গোয়েন্দার দাবি করা এসব তথ্য চে' কে নিয়ে নতুন বিতর্কের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। কারণ মৃত্যুর এক দশক পর বলিভিয়া থেকে চে'র দেহাবশেষ কিউবায় নিয়ে আসার সময় যে কবরটি খোঁড়া হয়েছিল তাতে মোট সাতটি মৃতদেহ পাওয়ার কথা জানা যায়। মার্কিন নিলামঘরটির মুখপাত্র কেলি নরওয়েন এ প্রসঙ্গে রয়টার্সকে বলেছেন, "কাস্ত্রোর কাছে চে'র যে মৃতদেহ রয়েছে তার একমাত্র 'ডিএনএ' প্রমাণ হতে পারে এ চুলের মাধ্যমে। গুস্তাভো তখন চে-কে কবর দিতে সহায়তা করেছে এবং তিনি দাবি করেছেন যে ওই কবরে চে ছাড়া আর দুজনের মৃতদেহ ছিল।" নওয়েন আরও বলেন, "কিন্তু যখন কবর খুঁড়ে তার দেহাবশেষ কিউবায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে তখন ওই কবরে আরও ছয়টি মৃতদেহ থাকার কথা বলা হয়।" ওই চুলের গোছার সঙ্গে আর্জেন্টাইন বিপ্লবীর মৃতদেহের কিছু অপ্রকাশিত ছবি এবং আঙ্গুলের ছাপ এবং এক সহযোদ্ধার লেখা একটি চিরকুটও বিক্রি করা হয়। এসবের সঙ্গে ছিল গুলি করে হত্যার পর চে'র মৃতদেহের পাশে দাঁড়িয়ে উল্লাসরত রাইফেল তাক করা একদল সেনার একটি ছবি। এদিকে, চে'র চুল বলে এসব বিক্রি করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার একটি বিপ্লবী গ্র"পের ই-মেইল হুমকির পর ওই নিলামের নিরাপত্তা জোরদার করেছে হেরিটেজ অকশন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০৪ ঘ.