ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ বছর শেষে উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আর হুমকি হয়ে থাকবে না। উত্তর কোরিয়ার পরমাণু আলোচনায় নিয়োজিত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল বৃহস্পতিবার কংগ্রেসকে একথা বলেছেন। তিনি আরও বলেন, "পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার যে আশা করছে তা তারা পাবে কেবল পুরোপুরি নিরস্ত্র হওয়ার পর।"
তবে সিরিয়ার যে সন্দেহজনক পরমাণু স্থাপনাকে গত মাসে ইসরায়েল হামলার লক্ষ্যবস্তু করেছিল সেটি উত্তর কোরিয়ার সাহায্য নিয়ে তৈরি হয়েছে-- এ খবরের ব্যাপারে কোনো মন্তব্য করতে হিল অস্বীকৃতি জানান।
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সাব কমিটিতে হিল বলেন, "পেশাগত দিক থেকে আমার বিবেচনায়, এ বছরের শেষে আমরা উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির ব্যাপারে পরিস্কার ধারণা পাব এবং তাদের এই কর্মসূচি যে আর আমাদের দেশের জন্য হুমকি হবে না সে আশ্বাসও পাব।"
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক এবং জ্বালানি সুবিধার বিনিময়ে এবছরের শেষ নাগাদ তাদের পরমাণু স্থাপনা নিস্ক্রিয় করার পাশাপাশি অতীত পরমাণু কর্মসূচির বিস্তারিত বিবরণ দিতে প্রতিশ্র"তিবদ্ধ হয়েছে।
হিল জানান, গত ফেব্র"য়ারিতে চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার আলোচনার মধ্য দিয়ে যে চুক্তি হয়েছে তাতে করে পিয়ংইয়ং প্রতিশ্র"তি পূরণ না করা পর্যন্ত কোনো সুযোগ-সুবিধাই পাবে না।
কংগ্রেসের শুনানিতে হিল বলেন, "আমরা তাদেরকে পরিস্কার করে বলে দিয়েছি যে, উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি থেকে পুরোপুরি বেরিয়ে না আসা পর্যন্ত আমরা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব না।"
হিল জানান, উত্তর কোরিয়া নিরস্ত্র হলে পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাশাপাশি অন্যান্য পদক্ষেপের মধ্যে যুক্তরাষ্ট্র দেশটিকে সন্ত্রাসের কালো তালিকা থেকে বাদ দেবে, তুলে নেবে আরোপিত সব নিষেধাজ্ঞা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৯ঘ.
bdnews24