ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বুশ ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পায়তারা শুরু করছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক শিবিরের নেতারা। ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীকে 'সন্ত্রাসবাদের' সমর্থক আখ্যা দিয়ে দেশটির রাষ্ট্রীয় এ বহিনীর ওপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপের পর কয়েকজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বৃহস্পতিবার এমন আশঙ্কা প্রকাশ করেছেন। একইসময়ে ইরান বিরোধী কট্টর অবস্থান নিয়ে দেশটিতে বোমা হামলা চালানোকে পরমাণু সংকট নিরসনের একটি উপায় বলে মন্তব্য করেছেন এক রিপাবলিকান নেতা।
ডেমোক্র্যাট সিনেটর ক্রিস্টোফার ডোড বলেছেন, " আমি গভীরভাবে উদ্বিগ্ন যে প্রেসিডেন্ট বুশ আবারও সামরিক বলপ্রয়োগকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন।" ২০০৩ সালের ইরাক আক্রমণের পর আবারও যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওই ডেমোক্র্যাট নেতা।
এদিকে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রোমনি বলেছেন, " আমি আসলেই জানি না ঠিক কিভাবে এটা করা যাবে। কিন্তু অবরোধ আরোপ থেকে শুরু করে বোমা হামলা চালানোর মতো অনেকগুলো বিকল্প আমাদের হাতে থাকা উচিৎ। এসব বিকল্প থাকলেই কেবল আমাদের প্রস্তুতি সম্পন্ন হবে। কারণ সত্যি বলতে কি ইরানের হাতে পরমাণু বোমা কখনোই মেনে নেওয়া যায় না।"
অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইরানি রিভলিউশনারি গার্ড বাহিনীকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কংগ্রেসের এক ভোটে সমর্থন দেওয়ায় দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের কড়া সমালোচনা করেছেন কয়েকজন ডেমোক্র্যাট নেতা।
নর্থ ক্যারোলিনার সিনেটর জন এডওয়ার্ডস বলেছেন, "প্রেসিডেন্ট বুশের নতুন যুদ্ধযাত্রায় বাধা না দিয়ে সিনেটর ক্লিনটনসহ অন্যরা বরং তাকে আবারও যুদ্ধে যেতে সহায়তা করছেন।"
আরেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা বলেছেন, "এটা দুর্ভাগ্যজনক যে কংগ্রেসের পদক্ষেপে প্রেসিডেন্ট বুশের জন্য এটা বোঝানো সহজ হয়েছে যে ইরাকে আমাদের সামরিক উপস্থিতি ইরানের বিরুদ্ধে লড়তে আমাদের সহায়তা করবে। কিন্তু এর সঙ্গে রিভলিউশনারি গার্ড বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কোনো সম্পর্ক থাকতে পারে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪৩০ ঘ.
bdnews24