২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবানলে এখনও পুড়ছে ক্যালিফোর্নিয়া, নিহতের সংখ্যা বেড়ে ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৩শ' ঘরবাড়ি ভস্মীভূত এবং বিস্তীর্ণ এলাকার জমি পুড়ে ছাই হওয়ার পরও থামেনি দাবানল। বুধবার রাতেও রাজ্যের ১৫টি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে। তবে দমকলকর্মীরা আশা করছেন, আবহাওয়া কিছুটা অনুকূলে আসতে থাকায় তারা জোরকদমে কাজ চালানোর সুযোগ পাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 05:48 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

সান ডিয়াগো, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৩শ' ঘরবাড়ি ভস্মীভূত এবং বিস্তীর্ণ এলাকার জমি পুড়ে ছাই হওয়ার পরও থামেনি দাবানল। বুধবার রাতেও রাজ্যের ১৫টি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে। তবে দমকলকর্মীরা আশা করছেন, আবহাওয়া কিছুটা অনুকূলে আসতে থাকায় তারা জোরকদমে কাজ চালানোর সুযোগ পাবেন। ঝড়োহাওয়ার পাশাপাশি শুস্ক আবহাওয়ার কারণে প্রলয়ঙ্করী রূপ নেওয়া এ দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের সান ডিয়াগো কাউন্টি। যে ১৫টি স্থানে বুধবার রাতে দাবানলের আগুন জ্বলছিল তার অধিকাংশই এখানকার। তবে তাপমাত্রা কমে যাওয়ায় এবং শক্তিশালী 'সান্তা আনা' উষ্ণ মরু বাতাসের গতি কিছুটা কমে যাওয়ায় দাবানলের আগুন আর বেশি এলাকায় না ছড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে। প্রায় ৯ হাজার নারী-পুরুষ রাত-দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন দাবানলের আগুন নিয়ন্ত্রণে আনতে। বুধবার রাতেও বিভিন্ন এলাকায় প্রায় একশ' ফুট উঁচু আগুনের লেলিহান শিখা দেখা গেছে। রাজ্যের নিম্নাঞ্চলের প্রায় অর্ধেক এলাকার আকাশ ছেয়ে ছিল কালো ধোঁয়ার কুণ্ডলীতে। ছাইয়ের বৃষ্টিতে ঢেকে আছে সেখানকার অনেক ঘর-বাড়ি-গাড়ি। তবে অন্যদিনগুলোর তুলনায় বুধবারের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে সান ডিয়াগো কাউন্টির শেরিফ বিল কোলেন্ডার বলেন, "অবশেষে আজ আমি বলতে পারছি যে এই বিকেলটা ভাল যাচ্ছে।" গত রোববার থেকে শুরু হওয়া ভয়াবহ এ দাবানলের তাণ্ডবলীলায় ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার প্রায় আটশ' বর্গমাইল এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভস্মীভূত হয়েছে ১৩শ' ঘর-বাড়ি। আর ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে কয়েক ডজন লোক। আহতদের অধিকাংশই দমকলকর্মী। প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ক্যালিফোর্নিয়ার দাবানলকে "বড় ধরনের বিপর্যয়" হিসাবে অভিহিত করেছেন। আজ বৃহস্পতিবার তার দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা। টানা চার দিনের দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সান ডিয়াগো কাউন্টির একশ' কোটি ডলারের বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতেও এখানে কমপক্ষে তিনটি স্থানে দাবানল নিয়ন্ত্রণে আনা যায়নি। দাবানলের কারণে আধুনিক ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে তাদের কিছু অধিবাসীকে বুধবার বাড়িতে ফেরার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ক্যালিফোর্নিয়ায় গত চার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ দাবানলের কবল থেকে রক্ষার জন্য নিরাপদে সরিয়ে নেওয়া হয় সেখানকার পাঁচ লাখ লোককে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার দুর্যোগের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রে এতো বিপুল সংখ্যক লোককে নিরাপদে সরিয়ে নিতে হয় মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দাবানল সান ডিয়াগোর মেক্সিকো সীমান্তের দিকে ধেয়ে যেতে থাকায় সেখানে সতর্কতা জারি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১১৪৩ঘ.