২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে মনমোহনের নতুন আশাবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে নতুন করে আশার কথা শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী বলেছেন, চুক্তির বিষয়ে তিনি আশাবাদী এবং এ পরমাণু চুক্তিটি ভারত, যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি দারুণ পদক্ষেপ হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

নয়াদিল্লি, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে নতুন করে আশার কথা শুনিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী বলেছেন, চুক্তির বিষয়ে তিনি আশাবাদী এবং এ পরমাণু চুক্তিটি ভারত, যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি দারুণ পদক্ষেপ হতে পারে। 'যুক্তরাষ্ট্র-ভারত পলিটিক্যাল অ্যাকশন কমিটি' (ইউএসআইএনপিএসি) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতকালে মঙ্গলবার তিনি ওই আশার কথা জানান। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে তদবিরকারী এ প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বুধবার একথা বলেছে। বিতর্কিত এ পরমাণু চুক্তি এগিয়ে নিতে সরকার নতুন করে আবার অগ্রসর হতে শুরু করলে ভারতীয় রাজনীতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও প্রতিষ্ঠানটি বলেছে, " ভারতের মতো একটি অগ্রগামী গণতান্ত্রিক দেশে কিছু প্রথাগত বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে খুবই আত্মপ্রত্যয়ী মনে হয়েছে আমাদের।" তারা জানায়, "যুক্তরাষ্ট্র-ভারত পলিটিক্যাল অ্যাকশন কমিটি' নেতাদের কাছে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা ইতিবাচক এবং তাতে এ চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে।" যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের এ চুক্তির বিরোধিতা করে আসছে 'কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার' (সিপিআই-এম) নেতৃত্বাধীন ভারতের বৃহত্তম বামপন্থী জোট। চুক্তি বাস্তবায়নের দিকে এগোলে কংগ্রেস সরকারের গুরুত্বপূর্ণ মিত্র এ জোটটি সরকারের ওপর থেকে তাদের সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। এ অবস্থার প্রেক্ষিতে সরকারের স্থিতিশীলতার কথা বিবেচনা করে বামপন্থীদের সঙ্গে একটি যৌথ প্যানেল গঠন করে মতপার্থক্য দূর করার চেষ্টা চালিয়ে আসছে কংগ্রেস। কিন্তু সে প্রচেষ্টা বেশিদূর আগায়নি। আগামী নভেম্বর মাসের ১৬ তারিখে ওই প্যানেলের চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.