২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অধিকার নিয়ে কারও সঙ্গে দরকষাকষি নয়: আহমাদিনেজাদ

ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, পরমাণু প্রযুক্তি অর্জন করা ইরানের অধিকার, এ নিয়ে তারা কারও সঙ্গে দরকষাকষি করতে যাবে না। আর্মেনিয়া সফরের সময় মঙ্গলবার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

তেহরান, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, পরমাণু প্রযুক্তি অর্জন করা ইরানের অধিকার, এ নিয়ে তারা কারও সঙ্গে দরকষাকষি করতে যাবে না। আর্মেনিয়া সফরের সময় মঙ্গলবার তিনি একথা বলেন। পরমণু প্রকল্প বন্ধ করা নিয়ে রোমে আলোচনা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে আহমাদিনেজাদ একথা বললেন। পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। এই অভিযোগ বরাবর অস্বীকার করে ইরান দাবি করে আসছে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তারা পারমাণবিক জ্বালানি উৎপাদন করে গ্যস ও তেল রপ্তানির জন্য সঞ্চয় করতে চায়। রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের প্রেসিডেন্ট বলেন, "আমরা অলোচনা করতে চাই, কিন্তু পরমাণু প্রযুক্তির অধিকার নিয়ে আমরা কারো সঙ্গে দরকষাকষি করব না। আহমাদিনেজাদ বলেন, "আলোচনার জন্য শর্ত দেবে ইরান, অন্যরা নয়।" ফার্স সংবাদ সংস্থা জানায়, তিনি আবারও বলেছেন, "ইরান কখনো পরমাণু কর্মসূচি বন্ধ করবে না।" জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দাবি করে আসছে দেশটিকে তা বন্ধ করতেই হবে। আহমাদিনেজাদ বলেন, "তারা বলছে ইরান যদি পরমাণু প্রকল্প বন্ধ করে, তাহলে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। তারা জানে না, ইরান সবসময় আলোচনার পক্ষে কিন্তু পরমাণু প্রযুক্তির অধিকার নিয়ে কারো সঙ্গে দরকষাকষি করবে না।" জাতিসংঘের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। কেননা এর মাধ্যমে জ্বালানি উৎপাদন করা যায় আবার অস্ত্রও বানানো যায়। কিন্তু ইরান জাতিসংঘের দাবি মেনে না নেওয়ায় এ পর্যন্ত তাদের ওপর দুই দফায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরমাণু বিষয়ে ইরানের নতুন নিয়োগপ্রাপ্ত আলোচক সাঈদ জলিল মঙ্গলবার রোমে পৌঁছেছেন। সেখানে তিনি পশ্চিমা বিশ্বের প্রতিনিধি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে বৈঠক করবেন। বিশ্লেষকরা বলছেন, পরমাণু নিয়ে আলোচনায় সাঈদ জলিল আরো কঠোর অবস্থান নেবেন। যদিও ইরানের কর্মকর্তারা বলছেন, আলোচক পরিবর্তন হলেও নীতি পরিবর্তন হবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫১ঘ.