২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোলানার সঙ্গে বৈঠকে বসছেন ইরানের নতুন পরমাণু আলোচক

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে বৈঠকের জন্য মঙ্গলবার রোমে রওনা হয়েছেন ইরানের নতুন শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি। রাতেই তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 11:04 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

রোম, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে বৈঠকের জন্য মঙ্গলবার রোমে রওনা হয়েছেন ইরানের নতুন শীর্ষ পরমাণু আলোচক সাঈদ জলিলি। রাতেই তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা। এ আলোচনা সোলানা এবং ইরানের আলি লারিজানির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত শনিবার তিনি ইরানের শীর্ষ পরমাণু আলোচকের পদ থেকে পদত্যাগ করেন। তবে, এ আলোচনায় আলি লারিজানি তার স্থলাভিষিক্ত ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের ঘনিষ্ঠ মিত্র সাঈদ জলিলির সঙ্গে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। ইরানের শীর্ষ পরমাণু আলোচক হিসাবে দায়িত্ব পাওয়ার পর সাঈদ জলিলি তেহরানের পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো প্রকার আপস না করার অঙ্গীকার করেন। বিশ্লেষকরা বলছেন, ইরানের শীর্ষ পরমাণু আলোচক হিসাবে জলিলির নিয়োগটি হতে পারে পরমাণু ইস্যুতে তেহরানের অবস্থান আরও কঠোর করার এক পূর্বাভাস। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, "ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে চতুর্থ পর্বের পরমাণু আলোচনায় অংশ নেওয়ার জন্য ইরানের পরমাণু আলোচকদের শীর্ষ প্রতিনিধি রোমের উদ্দেশ্যে রওনা হয়েছেন।" এর আগে সোলানা ও লারিজানির মধ্যকার আলোচনায় তেমন কোনো সফলতা অর্জিত হয়নি। রোমের 'দোরিয়া পামফিলি' ভিলায় আজ মঙ্গলবার গ্রিনিচ সময় ১৬০০ ঘণ্টায় সোলানার সঙ্গে জলিলির আলোচনা হওয়ার কথা। সোলানার অফিস জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পর সাংবাদিকদের কাছে একটি "ছোট বিবৃতি" ইস্যু করা হবে। উল্লেখ্য, পরমাণু কর্মসূচি বন্ধে অস্বীকৃতি জানানোর জন্য ইরানের বিরুদ্ধে জাতিসংঘ ইতিমধ্যেই দুই দফা অবরোধ আরোপ করেছে। পশ্চিমাদের অভিযোগ, পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে ইরান। অন্যদিকে, ইরান সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ এবং জ্বালানি তৈরির উদ্দেশ্যে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৬৪৫ ঘ.