করাচি, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো অভিযোগ করেছেন, সরকার তার জন্য যে নিরাপত্তার ববস্থা করেছে তা পর্যাপ্ত নয়। একই সঙ্গে তিনি বৃহস্পতিবারের বোমা হামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত প্রধান তদন্ত কর্মকর্তার অপসারণ দাবি করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
৮ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে বেনজির ভুট্টো গত বৃহস্পতিবার দেশে ফেরেন। এর কয়েক ঘণ্টার মধ্যে করাচির রাস্তায় তার গাড়িবহরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ১৩৩ জন নিহত ও কমপক্ষে ২৯০ জন আহত হয়।
সংবাদ সম্মেলনে বেনজির ভুট্টো জানান, ওই হামলার পর এখনো তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রেসিডেন্ট মুশাররফকে তার চাহিদা ও সুবিধা অনুযায়ী নিরাপত্তা দেওয়ার জন্য বলেছেন।
তিনি বলেন, "আমি যে নিরাপত্তা চাই তা এখনো পাচ্ছি না। শুধু আমার জন্য নয়, পাকিস্তানের সব রাজনৈতিক নেতার নিরাপত্তা চাই আমি।"
বোমা হামলার তদন্তে নিয়োজিত প্রধান কর্মকর্তার অপসারণের দাবি তোলার কারণ হিসেবে বেনজির ভুট্টো বলেন, ১৯৯৯ সালে নিরাপত্তা হেফাজতে ওই কর্মকর্তার উপস্থিতিতেই তার স্বামী আসিফ জারদারিকে নির্যাতন করা হয়।
এর আগে গত রোববার তিনি বোমা হামলার ঘটনা তদন্তে আন্তর্জাতিক সাহায্য চাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সোমবারের সংবাদ সম্মেনে তিনি বলেন, তদন্তে পুলিশ কি অগ্রগতি করতে পেরেছে তা আমাকে জানানো হয়নি।
পাকিস্তান পুলিশ বিভাগ রোববার জানায়, বোমা হামলার তদন্তের অগ্রগতি হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করে তারা।
শনিবার তারা দাবি করেছিল, আত্মঘাতী হামলাকারীকে সনাক্ত করতে পেরেছে তারা। হামলাকারীর মাথাটি উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। হামলার বিষয়ে যে কোনো তথ্যের জন্য ৫০ লাখ রুপি (৮২ হাজার ডলার) পুরস্কারও ঘোষণা করা হয় সেদিন।
আগামী নির্বাচনে প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির বিষয়ে বেনজির বলেন, "এ বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি, বিশেষ করে গত ৬ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো আদালতে ঝুলে আছে। তাছাড়া আগামী নির্বাচনে তার দল কতটা সাফল্য পায় তার ওপরই ক্ষমতা ভাগাভাগির বিষয়টি নির্ভর করছে।"
পাকিস্তানের সরকার বেনজিরের শোভাযাত্রায় আত্মঘাতী হামলার জন্য ইসলামপন্থী জঙ্গি ও সন্ত্রাসবাদীদের দায়ী করে আসছে। এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, এটা অবশ্যই জঙ্গি ও সন্ত্রাসবাদীদের কাজ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24