বেইজিং, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি সোমবার পার্টির নয় সদস্য বিশিষ্ট নতুন পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে।
শক্তিশালী এ কমিটিতে এমন দুইজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে যারা এক সময় চীনা প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের উত্তরসূরীতে পরিণত হবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের একজন সাংহাই প্রদেশের সাবেক পার্টি প্রধান জি জিনপিং (৫৪)। অন্যজন লিয়াওলিং প্রদেশের পার্টি প্রধান লি কেকিয়াং (৫২)।
তবে জি এবং লি যে এখন থেকে পাঁচ বছরের মধ্যে হু এবং ওয়েন এর স্থলাভিষিক্ত হবেন সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
কমিউনিস্ট পার্টির ২০৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির এক ভোটের পর পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির নতুন নয় সদস্য এক অনুষ্ঠানে উপস্থিত হন। ওই কেন্দ্রীয় কমিটি রোববার নির্বাচিত হয়।
হু জিনতাও চীনা কমিউনিস্ট পার্টির প্রধানসহ চীনের প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের প্রধান হিসাবে আরও পাঁচ বছর দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের ওপর সরকার ও তার মন্ত্রিদের ব্যবস্থাপনার দায়িত্ব বহাল রয়েছে।
নতুন এ স্ট্যান্ডিং কমিটিতে পার্লামেন্ট প্রধান উ বাঙ্গুও বহাল রয়েছেন। আর চীনা কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান জিয়াং জেমিনের অধীনে নতুন দুইজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। তারা হচ্ছেন, প্রপাগান্ডা বস লি চাংচুন এবং পার্লামেন্টের উপদেষ্টা পরিষদের প্রধান জিয়া কিংলিন।
এছাড়া নতুন কমিটিতে হি গুয়োকিয়াং এবং ঝউ ইয়কাংও ঠাঁই পেয়েছেন। হি গুয়োকিয়াং দলের সাংগঠনিক এবং দুর্নীতিবিরোধী কর্মসূচির নেতৃত্ব দেবেন।
এর আগে নতুন এ কমিটিতে না থাকার ঘোষণা দিয়েছিলেন বিদায়ী স্ট্যান্ডিং কমিটির তিন সদস্য। তাদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেং কিংহংও ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১২৫৭ ঘ.
bdnews24