ওয়াশিংটন, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার ইসরায়েলপন্থী 'ওয়াশিংটন ইন্সস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি'তে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।
ডিক চেনি অভিযোগ করেন, পরমাণু ইস্যুতে ইরান কালক্ষেপণ ও চাতুরির আশ্রয় নিচ্ছে। পশ্চিমাদের চাহিদামতো পরমাণু বোমা তৈরির কাজ বন্ধ না করলে ইরানকে কঠিন পরিণামের মুখোমুখি হতে হবে বলে তিনি সতর্ক করে দেন।
ইরান পরমাণু শক্তি অর্জন করলে তৃতীয় বিশ্ব যুদ্ধ বাধতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সতর্কবাণীর কয়েক দিন পর ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি এই মন্তব্য করলেন।
ইরানের বিরুদ্ধে কঠিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য বুশ প্রশাসন চেষ্টা করলেও রাশিয়ার বিরোধিতার কারণে সেটা সম্ভব হচ্ছে না।
চেনি জানান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার অগ্রগতি নির্ভর করছে ওই অঞ্চলের দেশগুলোর একে অপরের স্বার্বভৌমত্বের ওপর সম্মান ও আন্তর্জাতিক চুক্তির মেনে চলার ওপর।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। তবে এই অভিযোগ অস্বীকার করে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তারা জ্বালানি উৎপাদনের জন্যই পরমাণু কর্মসূচি চালাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২৩১৫ ঘ.
bdnews24