করাচি, অক্টোবর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো তার শোভাযাত্রায় বোমা হামলার ঘটনা তদন্তে আন্তর্জাতিক সাহায্য চাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই হামলায় নিহতদের উদ্দেশ্যে রোববার এক মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।
৮ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে বেনজির ভুট্টো গত বৃহস্পতিবার দেশে ফেরেন। এর কয়েক ঘন্টার মধ্যেই করাচির রাস্তায় তার গাড়িবহরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে ১৩৩ জন নিহত ও কমপক্ষে ২৯০ জন আহত হন।
বেনজির বলেন, "আমরা চাই, তদন্তের জন্য সরকার আন্তর্জাতিক সাহায্য চাইবে। কেননা বিদেশি বিশেষজ্ঞদের এ ধরনের হামলার ঘটনা তদন্তের অভিজ্ঞতা আছে।"
তিনি জানান, দেশে ফেরার আগে প্রেসিডেন্ট মুশাররফকে এক চিঠিতে জানিয়েছিলেন, কমপক্ষে তিনজন তার ওপর হামলা করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। যদিও তিনি তাদের নাম উল্লেখ করেননি।
বেনজির ভুট্টো বলেন, " জঙ্গি ও তাদের সমর্থক এবং আল-কায়েদা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা রুখতে প্রতিশ্র"তিবদ্ধ। এ কারণে তারা চায় না কোনো পক্ষই জনসমর্থন নিয়ে ভালভাবে দাঁড়িয়ে যাক।"
দলের এক মুখপাত্র জানান, হামলায় আহতদের দেখতে সকালের দিকে বেনজির ভুট্টো হাসপাতালে যান।
পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্তে অগ্রগতি হয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করে।
গত শনিবার পুলিশ দাবি কওে, তারা আত্মঘাতী হামলাকারীকে সনাক্ত করতে পেরেছে। আত্মঘাতীর মাথাটি উদ্ধার করে এর ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। হামলার বিষয়ে যে কোনো তথ্যের জন্য ৫০ লাখ রুপি (৮২ হাজার ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বেনজিরের শোভাযাত্রায় গ্রেনেড ও আত্মঘাতী বোমা হামলার জন্য ইসলামপন্থী জঙ্গি ও সন্ত্রাসবাদীদের দায়ী করেছে পাকিস্তানের সরকার। এখনও পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, এটা অবশ্যই জঙ্গি ও সন্ত্রাসবাদীদের কাজ।
হামলার পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে বেনজির বলেন, "আমি যার প্রতিনিধিত্ব করছি, হামলাটি হয়েছে তার ওপর। হামলাটি হয়েছে পাকিস্তানের গণতন্ত্র, একতা এবং অখন্ডতার ওপর।"
বেনজিরের দেশে ফেরার আগে পাকিস্তানের জঙ্গি অধুষ্যিত ওয়াজিরিস্তান অঞ্চলের তালেবান কমান্ডার হাজি ওমর বলেছিলেন, "যুক্তরাষ্ট্রের সঙ্গে তার (বেনজিরের) চুক্তি হয়েছে। পারভেজ মুশাররফসহ তার ওপরও আমরা হামলা চালাব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩০ঘ.
bdnews24