তেহরান, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলি লারিজানি পদত্যাগ করেছেন। তিনি তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের প্রধান পরমাণু আলোচক হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আলি লারিজানির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ধারণা করা হচ্ছে, ইউরোপ ও আমেরিকা বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ জালালি তার স্থলাভিষিক্ত হবেন।
আগামী মঙ্গলবার রোমে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে আরও আলাপ-আলোচনা করার কথা ছিল লারিজানির।
পশ্চিমাদের আশঙ্কা, তেহরান পরমাণু বোমা তৈরি করতে চায়। এটা ঠেকানোর প্রচেষ্টা হিসাবে ইতিমধ্যেই জাতিসংঘ দুই দফা অবরোধ আরোপ করেছে ইরানের বিরুদ্ধে। অন্যদিকে, তেহরান জোর দিয়ে বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পরিচালিত।
ইরান সরকারের মুখপাত্র গোলামহোসেন এলহামের বরাত দিয়ে বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, পরিকল্পনা মাফিকই হ্যাভিয়ার সোলানার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে তার সঙ্গে সাক্ষাৎ করবেন লারিজানির স্থলাভিষিক্ত নতুন আলোচক।
ইউরোপীয় কর্মকর্তারা বলছেন, মধ্যস্থতার কৌশল নিয়ে ইরান সরকারের সঙ্গে দীর্ঘ দিন ধরেই সমস্যায় ছিলেন লারিজানি। এছাড়া কিছু বিশ্লেষক বলেছেন, ক্রমবর্ধমান পশ্চিমা উদ্বেগ এবং নতুন অবরোধ আরোপের হুমকির মুখে পরমাণু কর্মসূচি স্থগিত না করার বিরোধিতা করলেও কৌশলের বিষয়ে আহমাদিনেজাদ এবং লারিজানির মধ্যে মতপার্থক্য ছিল।
মুখপাত্র এলহাম বলেন, "সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি তার পদ থেকে পদত্যাগ করেছেন।"
তিনি বলেন, "লারিজানির পদত্যাগ সত্ত্বেও পরিষদের কর্মসূচিতে কোনো পরিবর্তন আসবে না এবং নতুন সেক্রেটারি হ্যাভিয়ার সোলানার সঙ্গে সাক্ষাৎ করবেন।"
এদিকে, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, রোমের বৈঠক হবে কিনা সে বিষয়টি নির্ভর করছে সোলানার ওপর এবং "আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে হন লারিজানির স্থলাভিষিক্ত হন।"
প্রসঙ্গত, ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা অনুসারে পরমাণু নীতিসহ ইরানের সকল রাষ্ট্রীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৬৩২ ঘ.
bdnews24