২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উষ্ণায়ন নিয়ে বালি আলোচনার সাফল্যের অপেক্ষায় জাতিসংঘ

বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে আগামী ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠেয় সম্মেলনে একটি সাফল্য আসা প্রয়োজন। অন্যথায় গ্রিনহাউস গ্যাস নির্গমন সীমিত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টা "গভীর সমস্যায়" পড়তে পারে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 10:15 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ওয়াশিংটন, অক্টোবর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে আগামী ডিসেম্বরে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অনুষ্ঠেয় সম্মেলনে একটি সাফল্য আসা প্রয়োজন। অন্যথায় গ্রিনহাউস গ্যাস নির্গমন সীমিত রাখার আন্তর্জাতিক প্রচেষ্টা "গভীর সমস্যায়" পড়তে পারে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান কর্মকর্তা শুক্রবার একথা বলেছেন। 'ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ' এর প্রধান ইভো ডি বোয়ের বলেন, "আমরা বালিতে একটি সাফল্যর দ্বারপ্রান্তে পৌঁছাতে না পারলে 'ইন্টারগভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' এর পরবর্তী প্রতিবেদনের জন্য আমাদেরকে আগামী ছয় বছর অপেক্ষা করে থাকতে হবে। আর এ সময়ের মধ্যে জনগণের মনোযোগ দূরে সরে যাবে এবং আমরা পড়ব গভীর সমস্যায়।" ডি বোয়ের বলেন, ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পর জলবায়ু-উষ্ণকারী গ্যাসসমূহের নির্গমন হ্রাসের উপায় খুঁজে বের করতে আলাপ-আলোচনা শুরু করার জন্য জাতিসংঘের বালি আলোচনায় চারটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তার মতে, অবশ্যই নতুন পর্যায়ে আলাপ-আলোচনা শুরু করার, আলোচনার বিভিন্ন দিক নির্ধারণ করার, একটি চূড়ান্ত সময়সীমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এবং আলাপ-আলোচনার জন্য একটি কর্মপদ্ধতি ঠিক করতে হবে। বিশ্ব ব্যাংকের এক আলোচনা সভায় ডি বোয়ের আরও বলেছেন, বালি সম্মেলন সঠিক জলবায়ু পরিবর্তন ব্যবস্থা দিতে পারবে না। এ বৈঠকে সকল প্রশ্নের উত্তর এবং সকল সমস্যার সমাধানও আসবে না। তবে এ প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে সাহায্য করবে এ সম্মেলন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৫৫৪ ঘ.