কাবুল, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডন ম্যাকনিল জানিয়েছেন, ইরান থেকে আসা অত্যাধুনিক বোমার একটি চালান আফগানিস্তানে ধরা পড়েছে। তিনি বলেন, এটা বিশ্বাস করা কঠিন যে ইরানের সেনাবাহিনী এই অস্ত্র সম্পর্কে জানেনা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জেনারেল ম্যাকনিল বলেন, "আফগান বিদ্রোহিদের বিপক্ষে গত বছর ন্যাটো বাহিনীর অর্জন উল্লেখযোগ্য। তবে দেশটির নিরাপত্তা, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে হলে আরও বেশি কিছু করতে হবে।"
মার্কিন এই জেনারেল বলেন, "প্রতিবেশী দেশগুলো থেকে অস্ত্র আসলে সমস্যা আরও বাড়বে এবং লক্ষ্য অর্জন কঠিন হবে।"
তিনি বলেন, "গত ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রের চালান আটক করা হয়। এটা পরিস্কার যে অস্ত্রগুলো ইরান থেকেই এসেছে। এর মধ্যে ছিল অত্যাধুনিক সব বিস্ফোরক দ্রব্য।"
তিনি আরও বলেন, "এটা বিশ্বাস করা আমার জন্য কঠিন যে ইরানের সেনাবাহিনীর অগোচরে এই অস্ত্র আফগানিস্তানে প্রবেশ করতে পেরেছে।"
তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
মার্কিন নেতারা অভিযোগ করে আসছেন যে, ইরান আফগান্তিানে অস্ত্র সরবরাহ করে আসছে। তবে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ধরনের অভিযোগ প্রত্যখ্যান করে দাবি করেছেন তেহরানের সঙ্গে তাদের সম্পর্ক বেশ ভাল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮১৫ঘ.
bdnews24