২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বেনজির

৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দিতেই তার এই দেশে ফেরা। দুবাই থেকে সকাল ৭ টায় রওনা হয়ে দুপুর ৩ টায় করাচি পৌঁছে বেনজিরের আমিরাত ফ্লাইট। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয় ২ লাখেরও বেশি ভক্ত-সমর্থক। এই বিপুল লোকসমাগমে রাস্তায় যানজট সৃষ্টি হয়। দেশে ফেরার অনুভূতি জানিয়ে বেনজির বলেন, "আমি খুবই উত্তেজিত, আনন্দিত এবং গর্ববোধ করছি। আমাদেরকে পাকিস্তানে গণতন্ত্র ফেরাতেই হবে।" (আরও তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 05:41 AM

Updated : 26 Aug 2022, 08:48 PM

দুবাই, অক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে দলের নেতৃত্ব দিতেই তার এই দেশে ফেরা। দুবাই থেকে সকাল ৭ টায় রওনা হয়ে দুপুর ৩ টায় করাচি পৌঁছে বেনজিরের আমিরাত ফ্লাইট। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হয় ২ লাখেরও বেশি ভক্ত-সমর্থক। এই বিপুল লোকসমাগমে রাস্তায় যানজট সৃষ্টি হয়। দেশে ফেরার অনুভূতি জানিয়ে বেনজির বলেন, "আমি খুবই উত্তেজিত, আনন্দিত এবং গর্ববোধ করছি। আমাদেরকে পাকিস্তানে গণতন্ত্র ফেরাতেই হবে।" তিনি আরও বলেন, "আল্লাহকে ধন্যবাদ। দেশে ফিরতে পেরে আমি খুবই খুশি। আমি এই দিনেরই স্বপ্ন দেখছিলাম।" আল-কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট অন্ততপক্ষে তিনটি জিহাদি দল বেনজিরকে হত্যার ষড়যন্ত্র করছে-- এমন গোয়েন্দা তথ্য অগ্রাহ্য করে দেশে পৌঁছলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার নিরাপত্তা রক্ষায় বিমানবন্দরে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল ২০ হাজার নিরাপত্তারক্ষী। বেনজিরের সমর্থকরা এরকম কড়া নিরাপত্তার মধ্যেই তাকে নিয়ে করাচি নগরীতে বড় ধরনের মিছিল করার উদ্যোগ নিয়েছে। কয়েক ঘণ্টা ধরে চলবে এই মিছিল। মিছিল শেষ হবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলি জিন্নাহর মাজারে গিয়ে। সেখানে বেনজির জনসমাবেশে ভাষণ দেবেন। বেনজির বলেছেন, "দেশে যে সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রয়োজন সে ব্যাপারে জনগণ এখন সবুজ সংকেত দিয়েছে।" হত্যার ষড়যন্ত্র সম্পর্কে বেনজিরের উক্তি, "এ মুহূর্তে আমি মৃত্যুর কথা চিন্তা করছি না। পাকিস্তানের জনগণের জন্যই আমার দেশে ফেরা। আমার বিশ্বাস, সবকিছুই ঠিক থাকবে।" তাছাড়া, প্রকৃত কোনো মুসলমান নারীর ওপর হামলা করবে না-- এটি তার বিশ্বাস বলেও জানান বেনজির। তবে রয়টার্সকে স্যাটেলাইট টেলিফোনে ইতোমধ্যে আবারও বেনজিরের ওপর হামলার হুমকি দিয়েছেন ওয়াজিরিস্তানের আফগান-সীমান্তবর্তী আদিবাসী অঞ্চলের তালেবান কমান্ডার হাজী ওমর। তিনি বলেন, "বেনজিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বোঝাপড়া আছে। একারণেই আমরা পারভেজ মুশাররফের মতো তার ওপরও হামলা চালাব।" এদিকে, দুবাইয়ে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কর্মকর্তা জাভেদ ইয়াকুব রয়টার্সকে বলেছেন, "আমাদের নেত্রীর পাকিস্তানে ফেরা ঐতিহাসিক ব্যাপার। তার উপস্থিতি দেশের ভাগ্য বদলে দেবে।" বেনজির বহু বছর ধরেই পাকিস্তানে সেনা একনায়কত্বের অবসান ঘটানোর উদ্দেশ্যে দেশে ফেরার অঙ্গীকার করে এসেছেন। তারপরও এখন তিনি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের একজন সম্ভাব্য মিত্র হিসাবেই দেশে ফিরলেন। অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে নাজুক সময় পার করছেন মুশাররফ। এ অবস্থায় তিনি শেষ পর্যন্ত জানুয়ারীর সাধারন নির্বাচনের পরে বেনজির ভুট্টোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করতে পারেন বলে পাকিস্তানে জোর গুঞ্জন চলছে। যুক্তরাষ্ট্রও মুশাররফ-বেনজির জোট চায়। ১৯৯৬ সাল থেকে ক্ষমতায় না থাকলেও ৫৪ বছর বয়সী ক্যারিশম্যাটিক নেত্রী বেনজির এখনও বিশ্বে সর্বজনস্বীকৃত নারী রাজনীতিবিদ। তিনি দুবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন এবং নারী হিসাবে প্রথম এই মুসলিম দেশটির নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তানের সর্ববৃহৎ বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেত্রী বেনজির দেরিতে দেশে ফেরার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বুধবার বেনজির জঙ্গিবাদের বিরুদ্ধে মুশাররফের সঙ্গে কাজ করার ব্যাপারে মতভেদ মিটিয়ে ফেলার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে বেনজির বলেন, " পকিস্তানের ভবিষ্যৎ যে ঝুঁকির মুখে-- একথা দুপক্ষই স্বীকার করবে বলে তিনি মনে করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০০ ঘ.