ওয়াশিংটন, ৃঅক্টোবর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ১৯১৫ সালের আর্মেনীয় হত্যাযজ্ঞকে 'গণহত্যা' অভিহিত করে বিল পাসের বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়েছেন ডেমোক্রেটরাও। মার্কিন প্রতিনিধি পরিষদে এই প্রস্তাব পাশ হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে তারা সতর্ক করে দিয়েছেন।
এত সব বিরোধিতা সত্ত্বেও এ বছরের মধ্যে প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির পরিকল্পনা থেকে সরে আসবেন না ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট ও পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
রিপাবলিকান ও ডেমোক্রেটদের বিরোধিতা ছাড়াও এই প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট বুশের পক্ষ থেকে চাপের মুখে আনে ন্যান্সি পেলোসি। গত সপ্তাহে প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি প্রস্তাবটি অনুমোদন করার আগে বুশ প্রকাশ্যে এর বিরোধিতা করে বলেছিলেন, "ঐতিহাসিক এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সঠিক পন্থা এটি নয়। এতে ন্যাটো জোটভুক্ত মিত্রদেশ তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্ক এবং বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধে মারাত্মক ক্ষতি হতে পারে।"
হোয়াইট হাউস জানায়, এই প্রস্তাব প্রতিনিধি পরিষদে উত্থাপন না করার জন্য প্রেসিডেন্ট বুশ মঙ্গলবার টেলিফোনে স্পিকার পেলোসিকে আহ্বান জানিয়েছেন।
তবে পেলোসির এক মুখপাত্র জানান, "বিলটি নিয়ে প্রেসিডেন্ট ও স্পিকার খোলামেলা আলোচনা করেছেন। এই বিষয়ে পরিষদে উভয় পক্ষের জোরাল সমর্থন আছে তা স্পিকার প্রেসিডেন্টকে ব্যাখা করেছেন।"
তুরস্ক ও হোয়াইট হাউসের বিরোধিতার মুখেও মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে গত বৃহস্পতিবার ২৭-২১ ভোটে প্রস্তাবনাটি পাস হয়।
'আর্মেনীয় গণহত্যা' প্রস্তাব পাস করার পদক্ষেপকে 'অপমান' বলে অভিহিত করেছে তুরস্ক। কংগ্রেসে এই প্রস্তাব পাস হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দিপক্ষীয় সম্পর্ক নষ্ট হবে বলে সতর্ক করে দেওয়ার পাশাপাশি তুরস্ক সামরিক সহযোগিতা বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছে।
পেনিসিলভেনিয়া থেকে নির্বাচিত জন মুর্থাসহ ডেমোক্রাটরা এই প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে উত্থাপন না করার জন্য স্পিকার পেলোসির প্রতি আহ্বান জানিয়েছেন।
জন মুর্থা বলেন, "সেনা কমান্ডার ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আমার মনে হয়েছে, এই প্রস্তাবটি পাশ হলে তুরস্কের সঙ্গে সম্পর্ক এবং ওই অঞ্চলে আমাদের কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।
যুক্তরাষ্ট্র তুরস্কের ইনসারলিক বিমান ঘাঁটির ওপর বহুলাংশে নির্ভরশীল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে ইরাকে মার্কিন সেনাদের রসদ বহনকারী বিমানের প্রায় ৭০ শতাংশ এই বিমানবন্দর ব্যাবহার করে।
১৯১৫ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি সেনা ও তাদের দোসররা প্রায় ১৫ লাখ আর্মেনীয়কে হত্যা করে বলে দাবি করে আসছেন বেশ কয়েকটি আর্মেনীয় গ্র"প এবং মানবাধিকার সংগঠন। অনেক পশ্চিমা ঐতিহাসিকের মতো কয়েকটি পশ্চিমা দেশের পার্লামেন্টও এ মতকে সমর্থন করেছে এবং বিষয়টিকে 'গণহত্যা' বলে গণ্য করছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৩০ঘ.
bdnews24