ওয়াশিংটন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ভারতে রাজনৈতিক অচলবস্থার মুখে সোমবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। ২০০৫ সালের জুলাইয়ে স্বাক্ষরিত এই চুক্তি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন দু নেতা।
তাদের আলোচনায় স্থান পেয়েছে বিশ্ব বাণিজ্য আলোচনা এবং মিয়ানমারে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনের বিষয়টিও। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র গর্ডন জন্দ্রয়ে এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তবে জন্দ্রয়ে আলোচনার বিস্তারিত জানাননি। ওই চুক্তির বদৌলতে ভারত পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর পরও এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর না করেও যুক্তরাষ্ট্র থেকে পরমাণু জ্বালানি এবং পরমাণু চুল্লি আমদানি করতে পারবে।
ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, "মনমোহন পরমাণু সহযোগিতা চুক্তি নিয়ে কিছু সমস্যার সূত্রপাত হওয়ার কথা বুশকে জানিয়েছেন।" ভাতের বামপন্থীরা সরকারকে এ চুক্তি নিয়ে এগুলে সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকি দিয়েছে। তাদের মতে এ চুক্তির ফলে মার্কিন স্বার্থের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে হতে পারে।
গত সপ্তাহে এক বৈঠকে মনমোহন বামপন্থীদের সঙ্গে চুক্তিটি নিয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হন এবং জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ'র সঙ্গে আপাতত এ বিষয়টি নিয়ে আলোচনা না করার সিদ্ধান্ত নেন।
কিন্তু এই বিলম্বের কারণে চুক্তিটি নিয়ে বিতর্ক আরো দীর্ঘ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এতে করে চুক্তিটির বাস্তাবায়ন দূরূহ হয়ে উঠতে পারে। কারণ, ২০০৮ সালেই ওয়াশিংটন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়লে চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০৪ঘ.
bdnews24