রামাল্লা, পশ্চিম তীর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তি সম্মেলনের আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে সোমবার রামাল্লায় ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
মধ্যপ্রাচ্যে রাইস চার দিনের সফর শুরু করেছেন গত রোববার। এরপর থেকে ফিলিস্তিন ও ইসারায়েলি কর্মকর্তাদের বক্তব্য থেকে সম্মেলনের যৌথ বিবৃতি নিয়ে দুদেশের মধ্যে মতবিরোধটাই প্রধান বলে মনে হচ্ছে। নভেম্বর মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
তবে এই সফরে সেই ব্যবধান বড় আকারে কমতে পারে- এমন আশা না করার জন্য জানিয়েছেন রাইস। একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, নভেম্বরের শেষ দিকে অনুষ্ঠেয় ওই সম্মেলনের আগে তিনি আরও একবার মধ্যপ্রাচ্য সফর করতে পারেন।
প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের এক সহযোগী নাবিল আবু রাদাইনাহ গত রোববার বলেন, "ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত রূপরেখা নিয়ে একটি স্বচ্ছ বিবৃতি তৈরি করতে পারলে রাইসের এই প্রচেষ্টা সফল হবে।"
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস গত রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ওলমার্ট রাইসকে জানান, তিনি আশা করছেন আগামী সম্মেলনের আগেই একটি যৌথ বিবৃতির ব্যপারে উভয় দেশ সম্মত হবে। কিন্তু তার অর্থ এই নয় যে সম্মেলনের আগে এটা হতেই হবে।
তবে আব্বাস ও ওলমার্ট দুজনই জানিয়েছেন, আগামী মাসের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত রূপরেখার ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে তারা আশা করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.
bdnews24