বোগোতা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভূমিধসের কবলে পড়ে শনিবার কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সোনার খনির ২১ শ্রমিক নিহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন। রেড ক্রসের স্থানীয় শাখা এ খবর জানিয়েছে।
কলম্বিয়ান রেড ক্রসের মুখপাত্র কার্লোস মারকুয়েজ জানান, ককা প্রদেশের ব্যক্তিমালিকানাধীন সরেজ গোল্ড মাইন এর উদ্ধারকাজ ভারী বর্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল এবং রোববার সকালে আবারও উদ্ধার কাজ শুরু হবে।
রয়টার্সকে মারকুয়েজ বলেন, "ভূমি ধসের সময় ভারী বর্ষণ হচ্ছিল এবং বর্ষণ অব্যাহত থাকায় রাতে উদ্ধার কাজ খুবই ঝুঁকিপূর্ণ।"
তিনি আরও বলেন, "১৬ জন খনি শ্রমিক নিখোঁজ রয়েছেন।"
মারকুয়েজ বলেন, শনিবার সকালে ভূমি ধসের ঘটনা ঘটে এবং আহত ২৪ শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৬২৮ ঘ.
bdnews24