কুয়েত, অক্টোবর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে কুয়েত। মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য গত জুলাই মাসে ঘোষিত মার্কিন সামরিক সাহায্য প্যাকেজের আওতায় কুয়েত এই ক্ষেপণাস্ত্র কিনবে। কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ জাবের আল-হামাদ আল-সাবাহ একথা জানান।
কুয়েতের সরকারি সংবাদ সংস্থা 'কুনা'কে গত শুক্রবার হামাদ আল সাবাহ বলেন, "যুক্তরাষ্ট্রের কাছ থেকে কুয়েত অস্ত্র কেনার জন্য আলোচনা করছে, তবে এর মধ্যে বিমান থাকবে না।"
তিনি আরও বলেন, "এই প্যাকেজের মধ্যে থাকবে জলযান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, যেমন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র।"
গত জুলাইতে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, ইরানের হাত থেকে মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করতে মিশর ও ইসরায়েলসহ দেশগুলোকে একটি প্যাকেজের আওতায় ৪৩ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য দেবে।
মার্কিন কর্মকর্তারা আরও জানান, সৌদি আরবসহ ভূমধ্যসাগরীয় দেশগুলোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত ও বিমান ও নৌ শক্তি বাড়াতে দেশগুলোকে আগামী দশ বছরে ২০ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সাহায্য দেবে যুক্তরাষ্ট্র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24