ইস্তাম্বুল, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- তুরস্ক উত্তর ইরাকের কুর্দি গেরিলাদের ওপর হামলা চালানো শুরু করলে যদি আন্তর্জাতিক অঙ্গন থেকে সমালোচনার ঝড় ওঠে তাহলে তা মোকাবিলায় প্রস্তুত আঙ্কারা। তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান শুক্রবার একথা বলেছেন।
ওই ধরনের কোনো হামলার বিশ্ব প্রতিক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে এরদোয়ান সাংবাদিকদের বলেন, "আক্রমণের এ পথে যাওয়ার খরচ সম্পর্কে ইতিমধ্যেই হিসাব-নিকাশ করা হয়ে গেছে। যে খরচই হোক না কেন তা জোগাড় করা হবে।"
তুর্কি সেনাবাহিনীর ওপর কুর্দি গেরিলাদের হামলা বাড়ায় এরদোয়ান সরকার কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলাদের মোকাবিলায় বড় ধরনের সামরিক অভিযান চালানোর লক্ষ্যে আগামী সপ্তায় পার্লামেন্টের অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, কুর্দি গেরিলারা তুর্কি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য উত্তর ইরাককে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে।
তুরস্ক চায় উত্তর ইরাকের এ সেনা অভিযানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও অংশ নিক। অন্যদিকে, এ ধরনের কোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্কতা উচ্চারণ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে, প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যান তুর্কিদের হাতে আর্মেনীয় হত্যার বিষয়টিকে একটি 'গণহত্যা' হিসাবে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটি কর্তৃক বুধবার অনুমোদন দেওয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে বিষয়টি নিয়ে আলোচনার জন্য দেশে ডেকে পাঠিয়েছে ইস্তাম্বুল।
আর্মেনীয় হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসেবে গণ্য করলে ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ন্যাটো মিত্র দেশটির সঙ্গে সম্পর্কের অবনতি হবে বলে আগেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে সতর্ক করে চিঠি দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। সতর্কবাণী দিয়েছিল হোয়াইট হাউসও।
কিন্তু এ হুঁশিয়ারির মুখেও মার্কিন প্রতিনিধি পরিষদ কমিটিতে ২৭-২১ ভোটে প্রস্তাবনাটি পাস হয়। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে আবারও দু'দেশের সম্পর্কে অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোম্যান তুর্কিদের হাতে গণহত্যার শিকার হয়েছিল প্রায় ১৫ লাখ আর্মেনীয়। ওই হত্যাযজ্ঞকে 'গণহত্যা' হিসাবে গণ্য করতে প্রতিনিধি পরিষদ কমিটিতে ভোটের আগে প্রেসিডেন্ট বুশ হোয়াইট হাউসে সতর্ক করে দিয়ে বলেছিলেন, "ঐতিহাসিক এই গণহত্যার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সঠিক পন্থা এটি নয়। এ পদক্ষেপ আমাদের ন্যাটো জোটভুক্ত মিত্রদেশ তুরস্কের সঙ্গে সম্পর্ক এবং বিশ্বব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৫৩৮ ঘ.
bdnews24