ম্যানিলা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যরাইয়োর বিরুদ্ধে বৃহস্পতিবার ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু করেছে দেশটির কংগ্রেসের নিন্মকক্ষ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বড় কোনো অভিযোগ থেকে তাকে রক্ষার উদ্দেশ্যেই এই ইম্পিচমেন্ট প্রক্রিয়া।
প্রেসিডেন্ট অ্যরাইয়ো এই নিয়ে তিন বছরে টানা তিনবার ইম্পিচমেন্টের মুখোমুখি হচ্ছেন। গত দু'বার তাকে ইম্পিচ করার চেষ্টা করা হয়েছিল ২০০৪ সালে নির্বাচনে কারসাজির অভিযোগে। কিন্তু হাউস অফ রিপ্রেজেনটেটিভসে সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি রক্ষা পান।
এবারও অ্যরাইয়োর মিত্ররা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। বিরোধীরা বলছেন, এবছর ইম্পিচমেন্ট প্রক্রিয়া শুরু করেছেন একজন স্বল্প পরিচিত আইনজীবী। এর ফলে তিনি ইম্পিচমেন্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবেন। ফিলিপাইনের আইন অনুযায়ী একবার ইম্পিচমেন্টের মুখোমুখি হওয়ার পর পরবর্তী এক বছরের মধ্যে কারো বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ আনা যাবেনা।
হাউস অফ রিপ্রেজেনটেটিভে বিরোধীদলীয় নেতা রোনাল্ডো জামোরা বলেন, "আরও বড় ধরণের ইম্পিচমেন্টের অভিযোগ থেকে প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য এই এম্পিচমেন্টের আয়োজন করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি
bdnews24