ইয়াঙ্গুন, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সপ্তাহ দুয়েক আগে মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার হয়েছিলেন শতশত বৌদ্ধ ভিক্ষু। আটক রেখে তাদের ওপর চালানো হয়েছে আমানুষিক নির্যাতন। জিজ্ঞাসাবাদের সময় তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে। দিনের পর দিন তাদের টয়লেট করতে দেওয়া হয়নি। দেওয়া হয়নি পানি। বৃহস্পতিবার মুক্তির পর এক ভিক্ষু সাংবাদিকদের জানিয়েছেন, তাদের ওপর নির্যাতনের রোমহর্ষক কাহিনী।
মুক্তি পাওয়া ভিক্ষু ভয়ে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে রয়টার্সকে বলেন, "জিজ্ঞাসাবাদের সময় আমাদের একজন নিজেকে ভিক্ষু হিসেবে উল্লেখ করার সঙ্গে সঙ্গে তার গালে থাপ্পড় মেরে তদন্ত কর্মকর্তা বলেন, 'তুই আর বেশিদিন ভিক্ষু থাকবি না। টাক মাথা নিয়ে শুধুই একজন সাধারণ মানুষ হয়ে যাবি।'"
তিনি বলেন, "প্রথম দিকে আমাদের ওপর খুবই খারাপ আচরণ করা হয়েছে, খুবই খারাপ।" তিনি জানান, তাদেরকে উত্তর ইয়াঙ্গুনে সাবেক সরকারের একটি টেকনিক্যাল ইন্সস্টিটিউটে আটকে রাখা হয়েছিল। সেখানে তাদের সঙ্গে সাধারণ অপরাধিদের মতো আচরণ করা হয়েছে।
দশ দিন বন্দি থাকার পর মুক্তি পেয়ে এই ভিক্ষু জানান, দিনের পর দিন তাদের প্রসাব-পায়খানা করতে দেওয়া হয়নি। খেতে বাধ্য করা হয়েছে নোংরা ও পাত্র থেকে উপচে পড়া ভাত।
তিনি বলেন, "খাওয়ার জন্য আমাদের কোনো চামচ দেওয়া হয়নি। খেতে হয়েছে নোংরা হাতে। কেননা হাত ধোয়ার পানিও দেওয়া হতো না।"
তিনি আরও বলেন "যা খেতে দেওয়া হতো, তা এক কথায় সাংঘাতিক"।
তিনি জানান, জিজ্ঞাসাবাদের সময় তাদের উবু হয়ে বসে হাত উপরে তুলে রাখতে হতো। তদন্তকারীরা জানতে চাইতেন কারা ছিলেন বিক্ষোভের মদদদাতা।
ওই ভিক্ষু বলেন, "এ সময় কেউ ভুল বা আংশিক উত্তর দিলে বেদম মারধর করা হতো। তারা লাথিও মারত।"
তিনি জানান, জিজ্ঞাসাদের সময় অত্যাচারে কেউ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসারও কোনো ব্যবস্থা ছিল না।
কয়েক সপ্তাহ আগে জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভিক্ষুরা আন্দোলন শুরু করলে সেনাবাহিনী তাদের ওপর গুলি চালায়। এরপর তাদের সরকার বিরোধী আন্দোলন বিশাল আকার ধারণ করে। মিয়ানমারের সামরিক সরকার বৌদ্ধ ভিক্ষুদের তাদের জন্য বড় হুমকি মনে করে। কেননা বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে সামজিকভাবে ভিক্ষুদের প্রভাব বেশ শক্তিশালী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৪৫ ঘ.
bdnews24