ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের তোপের মুখে পড়ার ঝুঁকির মাঝেও তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
এর একদিন পরই মার্কিন কংগ্রেসের স্বর্ণপদক গ্রহণ করার কথা রয়েছে দালাই লামার। মার্কিন কংগ্রেস সর্বচ্চো বেসামরিক সম্মান হিসাবে এ স্বর্ণপদক দিয়ে থাকে।
হোয়াইট হাউস এর আগে এক ঘোষণায় জানিয়েছে, ক্যাপিটল হিলের ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তার স্ত্রী লরা বুশ।
চীনের কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর ১৯৫৯ সালে দালাই লামা ভারতে পালিয়ে যান। চীন তাকে বিচ্ছিন্নতাবদী বলে আসছে।
যদিও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দালাই লামা দাবি করেন, তিনি বৌদ্ধ অধ্যুষিত তিব্বত অঞ্চলে অধিকতর স্বায়ত্ত্বশাসন চান।
দালাই লামাকে মার্কিন কংগ্রেসের স্বর্ণপদক দিয়ে পুরস্কৃত করার মার্কিন সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো উল্লেখ করে বেইজিং বৃহস্পতিবার এর তীব্র নিন্দা জানিয়েছে।
চীনা সরকারের মুখপাত্র লিউ জিয়ানচাও বলেন, "দালই লামাকে পুরস্কারে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে চীন সরকার।"
তিনি বলেন, "চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য যে কোনো রাষ্ট্র বা ব্যক্তি দালাই লামাকে ব্যবহার করতে চাইলে আমারা তার বিরোধিতা করব।"
বুশ এর আগেও হোয়াইট হাউসে দালাই লামার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন। তবে এবারই সম্ভবত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো দালাই লামার সঙ্গে প্রকাশে দেখা যাবে বুশকে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে বুশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ডানা পেরিনো।
তিনি বলেন, "ইনি এমন একজন আধ্যাতিক নেতা যিনি লড়াই করছেন স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। আর এ বিষয়টি প্রেসিডেন্ট নিজেও সমর্থন করেন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪১২ ঘ.
bdnews24