ওয়াশিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মার্কিন মেরিন কোর ইরাক থেকে সেনা সরিয়ে তাদেরকে আফগানিস্তানে পাঠানোর জন্য চাপ দিচ্ছে। নিউইয়র্ক টাইমস পত্রিকা বুধবার একথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনাবাহিনী ও পেন্টাগনের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইরাক থেকে মেরিন সেনা সরানোর পক্ষপাতিরা যুক্তি দেখাচ্ছেন, সেনা পুনর্বিন্যাস করা হলে তা মার্কিন সেনাবাহিনী ও মেরিন সেনাদেরকে আরও কার্যকরভাবে কাজ করতে সাহায্য করবে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বড় ধরনের পুনর্বিন্যাসের প্রয়োজন পড়বে। ফলে মেরিন সেনারা আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনাদের মধ্যে প্রভাবশালী হয়ে উঠবে। যে যুদ্ধে ব্যাপক জনসমর্থন রয়েছে বলে ধারণা করা হয়।
পত্রিকাটি জানিয়েছে, সেনাবাহিনীর প্রতি সহানুভূতিশীল কিছু কর্মকর্তা বলেছেন, আফগানিস্তান থেকে ইরাকে সেনা সরিয়ে আফগানিস্তানে নেওয়ার অনুমতি মিললে এ ধরনের পুনর্বিন্যাস সেনাবাহিনীর ওপর থেকে চাপ কমিয়ে আনতে সাহায্য করবে।
প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তায় যুক্তরাষ্ট্রের 'জয়েন্ট চিফস অফ স্টাফস' এবং আঞ্চলিক যুদ্ধ কমান্ডারদের জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এর আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে সেনা পুনর্বিন্যাস সংক্রান্ত এ পরামর্শ দেওয়া হয় এবং বর্তমানে তা পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে, নিউইয়র্ক টাইমস এর এ প্রতিবেদন সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি পেন্টাগন।
পত্রিকাটি জানিয়েছে, গেটস এবং জয়েন্ট চিফস অব স্টাফসের নতুন চেয়ারম্যান এডাম মাইক মুলেন এর সহযোগিরা জানিয়েছেন, যে এ সম্পর্কে মেরিন সেনাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
প্রসঙ্গত, আফগানিস্তানে মোতায়েন প্রায় ২৬ হাজার মার্কিন সেনার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য কোনো মেরিন ইউনিট নেই। অন্যদিকে, ইরাকে মোতায়েন প্রায় এক লাখ ৬০ হাজার মার্কিন সেনার মধ্যে মেরিন সেনার সংখ্যা প্রায় ২৫ হাজার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৮ ঘ.
bdnews24