২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল সরকারের পতন ঘটানোর হুমকি মাওবাদীদের

নেপালের সাবেক মাওবাদী গেরিলা নেতা প্রচণ্ড হুমকি দিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজতন্ত্রের আশু বিলুপ্তিসহ মাওবাদীদের দাবি-দাওয়া মেনে না নিলে তারা সরকারের পতন ঘটাতে পারেন। বুধবার নেপালের কয়েকটি সংবাদপত্রে এমন খবর প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 08:46 PM

কাঠমান্ডু, অক্টোবর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নেপালের সাবেক মাওবাদী গেরিলা নেতা প্রচণ্ড হুমকি দিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার রাজতন্ত্রের আশু বিলুপ্তিসহ মাওবাদীদের দাবি-দাওয়া মেনে না নিলে তারা সরকারের পতন ঘটাতে পারেন। বুধবার নেপালের কয়েকটি সংবাদপত্রে এমন খবর প্রকাশিত হয়েছে। রাজতন্ত্র এবং আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক অবসানে গত সপ্তার আলোচনা ব্যর্থ হওয়ার পর এটাই সরকারের বিরুদ্ধে মাওবাদী নেতা প্রচণ্ডর সবচেয়ে কড়া হুঁশিয়ারি। হুমকির এ খবরটি এমন দিনে প্রকাশ পেল যার একদিন পরই রাজতন্ত্র নিয়ে নেপালের অন্তর্বর্তী পার্লামেন্টে জরুরি অধিবেশন বসছে। প্রচণ্ডর বরাত দিয়ে 'হিমালয়ান টাইমস' জানিয়েছে, "বেশ কিছু ইসুতে মতভেদ হলে মাওবাদীরা আন্দোলন শুরু করবে এবং তার ফলে সরকার পরিবর্তন হবে।" কাঠমান্ডু পোস্ট সূত্রে জানা গেছে, প্রচণ্ড বলেছেন, অধিবেশনের পরও মাওবাদীরা অসন্তুষ্ট থাকলে তারা "বর্তমান সংবিধানকে অকার্যকর কাগজের টুকরায় পরিণত করবেন।" নেপালের পশ্চিমাঞ্চলীয় দিপালয় শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মাওবাদী নেতা প্রচণ্ড। প্রসঙ্গত, রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্রের দাবিতে নেপালের মাওবাদী গেরিলারা দীর্ঘ ১০ বছর ধরে যুদ্ধ করেছে। এ সময়ে নেপালে প্রায় ১৩ হাজার লোকের প্রাণহানি হয়েছে। তবে গত নভেম্বর মাসে একটি শান্তি চুক্তি হয়। তারপর মাওবাদীরা তাদের অস্ত্র জমা রাখে এবং নতুনভাবে গঠিত একটি অন্তর্বর্তী সরকারে যোগ দেয়। ওই শান্তিচুক্তির অন্যতম শর্ত ছিল নেপালের রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণে নতুন গণপরিষদের জন্য নির্বাচন আয়োজন এবং রাজা জ্ঞানেন্দ্রকে নিয়ে কী করা হবে সে বিষয়টি। নির্বাচনটি ২২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মাওবাদীরা নির্বাচনে ভাল না করার আশঙ্কা করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এমন অবস্থায় নিজেদের সমর্থন বাড়ানোর আশায় এবং অন্যান্য দল থেকে পৃথক হওয়ার জন্য মাওবাদীরা সরকার থেকে বেরিয়ে যায়। একইসঙ্গে তারা দাবি জানায়, রাজতন্ত্রের আশু বিলুপ্তি এবং আনুপাতিক প্রতিনিধিত্বের পূর্ণ প্রক্রিয়া চালুর জন্য। কিন্তু সেসব দায়ি নিয়ে অনুষ্ঠিত আলোচনায় কোনো সফলতা আসেনি। নির্বাচন স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। যদিও প্রচণ্ড বলেছেন, অচলবস্থার অবসান হলে আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হতে পরে ওই নির্বাচন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৫২ ঘ.