ওয়াশিংটন, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কায়েদা এখনও যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। সন্ত্রাসবাদী এই সংগঠনটি যুক্তারাষ্ট্রে তাদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। হোয়াইট হাউসের এক প্রতিবেদনে মঙ্গলবার একথা বলা হয়েছে।
'ন্যাশনাল স্ট্রাটেজি ফর হোমল্যান্ড সিকিউরিটি'র প্রতিবেদনে বলা হয়, "আল-কায়েদার ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে যোগাযোগ আছে এমন মাত্র কয়েকজনকে আমরা আমাদের দেশে সনাক্ত করতে পেরেছি। কিন্তু তারা যুক্তরাষ্ট্রে তাদের যোদ্ধা নিয়োগ প্রচেষ্টা আরও জোরদার করতে পারে।"
এতে আরও বলা হয়, "গণবিধ্বংসী মরণাস্ত্র ব্যাবহারে আল-কায়েদার আগ্রহের বিষয়টি আমাদের কখনও ভুললে চলবে না। সংগঠনটি রাসায়নিক, জীবাণু ও পারমাণবিক পদার্থ সংগ্রহ ও ব্যবহারের চেষ্টা অব্যাহত রেখেছে।"
প্রতিবেদনে উল্লেখ করা হয়, "পাকিস্তানের উপজাতীয় এলাকায় আল-কায়েদার ঊর্ধ্বতন নেতারা আশ্রয় নিয়েছেন এবং সেখানে তাদের যোদ্ধাদের পুণরায় জড়ো করা হয়েছে। তাদের নিরাপদ এই আশ্রয়কে তারা আরও শক্তিশালী করেছে।"
প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, "দেশে ও দেশের বাইরে আমাদের প্রচেষ্টা আরও আক্রমণাত্মক হতে হবে তা আমরা বুঝতে পেরেছি।"
তিনি আরও বলেন, "আজ, আমাদের জাতি তুলনামূলকভাবে অনেক নিরাপদ, তবে পূর্ণাঙ্গ নিরাপদ নয়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২৬ঘ.
bdnews24