সান ফ্রান্সিসকো, অক্টোবর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান নিখোঁজ হয়ে গেছে সোমবার বিকালে। বিমান বাহিনীর ক্রুরা বিমানটি খুঁেজে বের করার চেষ্টা করছেন। রাজ্যের পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নিখোঁজ বিমানটি সেসনা ২০৮ ক্যারাভান মডেলের। বিমানটি আইডাহোর বোয়িজ থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এতে মোট ১০ জন আরোহী ছিল। আরোহীদের মধ্যে কয়েকজন প্যারাট্রুপারও ছিলেন। তারা ওই বিমানে চড়ে ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
ওয়াশিংটনের পরিবহন বিভাগের মুখপাত্র নিশা মারভেল জানান, একজন শিকারির কাছ থেকে খবর পেয়ে ওই অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে। ইয়কিমা'র ৪৫ মাইল পশ্চিমে পাহাড়ি এলাকায় ওই শিকারি একটি বিমানের বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে স্থানীয় কর্মকর্তাদের জানান।
মুখপাত্র জানান, অনুসন্ধানকারীরা পাহাড়ি এলাকায় অভিযান চালাবে এবং আবহাওয়া কোনো সমস্যা হয়ে উঠবে না বলেই তিনি আশা করছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২০ ঘ.
bdnews24