বাগদাদ, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদে পোলিশ দূতাবাসের কাছে ফের গাড়ি বোমা হামলায় দুজন নিহত হয়েছে। এর আগে এখানে বোমা হামলায় এক পোলিশ রাষ্ট্রদূত আহত হওয়ার ৫ দিন পর আবারও বোমা হামলার ঘটনা ঘটল। এতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এক কূটনীতিক জানিয়েছেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।
দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওয়াল্ডেমার ফিগাজ রয়টার্সকে বলেছেন, "দূতাবাসের কাছে সোমবার ৪ টি বিস্ফোরণ ঘটেছে। কিন্তু আমরা এ হামলার লক্ষ্য ছিলাম বলে মনে হয় না। আমরা কেবল ঘটনার পারিপার্শ্বিকতা টের পেয়েছি।"
ইরাকি পুলিশ জানিয়েছে, " দূতাবাসের কাছে এ হামলায় ২ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৫ জন।"
এদিকে, ফিগাজ জানান, "দূতাবাসের কাছে কয়েকটি স্থানে ৪ টি বিস্ফোরণ হয়। এর মধ্যে একটি বিস্ফোরণ হয়েছে অন্তত ২০০ মিটার দূরে। সকালে এবং বিকালের আগে আগে বিস্ফোরণগুলো ঘটে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ঘ.
bdnews24