২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে আসছেন আইএইএ প্রধান

জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান মোহাম্মেদ এলবারাদি সোমবার ভারত সফরে আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে ভারতের কংগ্রেস সরকার ও তাদের বামপন্থী মিত্রদের মধ্যকার বিতর্কের প্রেক্ষাপটে তার এ সফরকে ভারতের রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

মুম্বাই, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রধান মোহাম্মেদ এলবারাদি সোমবার ভারত সফরে আসছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিকে কেন্দ্র করে ভারতের কংগ্রেস সরকার ও তাদের বামপন্থী মিত্রদের মধ্যকার বিতর্কের প্রেক্ষাপটে তার এ সফরকে ভারতের রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তবে এলবারাদির এ সফর কোনো রাজনৈতিক সফর নয় বলে দাবি করেছে আইএইএ। ভারতে এ সফরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহাম্মেদ এলবারাদি একটি জ্বালানি সম্মেলনে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, মুম্বাইয়ের একটি পরমাণু গবেষণা কেন্দ্র পরিদর্শন করার এবং ভারতের পরমাণু কর্মকর্তাদের সঙ্গে আলোচনারও কথা রয়েছে এলবারাদির। আইএইএ প্রধান এমন সময়ে ভারত সফর করছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু জ্বালানি চুক্তির বিষয়ে আইএইএ এবং অন্যদের ছাড়পত্র পাওয়ার অক্টোবরের অনানুষ্ঠানিক সময়সীমার মধ্যে রয়েছে দেশটি। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু জ্বালানি সংক্রান্ত এ চুক্তির বিরোধিতা করে আসছে ভারত সরকারের কমিউনিস্ট মিত্ররা। তারা বলছেন, চুক্তিটি হলে নয়াদিল্লি মার্কিন নীতির দাসে পরিণত হবে। চুক্তিটি হলে তা ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এর ফলে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে পরমাণু জ্বালানি এবং চুল্লি আমদানি করতে পারবে ভারত। আইএইএ'র ঘনিষ্ঠ ভিয়েনার এক কূটনীতিক জানান, ভারতে এলবারাদির সফরের সময় ভারত-যুক্তরাষ্ট্র চুক্তিটি আলোচনার অগ্রভাগে থাকবে এমনটা আশা করার কোনো কারণ নেই। তবে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন এলবারাদি। ভারতের আণবিক জ্বালানি দপ্তর জানিয়েছে, এলবারাদি সোমবার রাতে ভারতে পৌঁছাবেন এবং তার আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে মঙ্গলবার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩৫০ ঘ.