বাগদাদ, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে রক্তক্ষয়-সহিংসতা ঠেকাতে সবচেয়ে শক্তিশালী শিয়া জোট মুক্তাদা আল সদরের নেতৃত্বাধীন 'সদর মুভমেন্ট' এবং আব্দুল আজিজ আল হাকিমের 'সুপ্রিম ইরাকি ইসলামিক কাউন্সিল' এর মধ্যে শনিবার সমঝোতা চুক্তি হয়েছে। সহিংসতা কমানো এবং পারষ্পরিক সংঘাত এড়াতে একযোগে কাজ করার জন্য এটাই তাদের মধ্যে প্রথম লিখিত চুক্তি। ইরাকি কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ইরাকের শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলের শহরগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে আসছে সদর এবং আল-হাকিমের রাজনৈতিক জোট।
দুই শীর্ষ শিয়া নেতার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়, "সাইয়েদ আব্দুল আজিজ আল-হাকিম এবং সাইয়েদ মুকতাদা আল-সদর যে কোনো পরিস্থিতিতে ইরাকিদের রক্তের মূল্য রক্ষা করা এবং সম্মান দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।"
দক্ষিণ ইরাকে মার্কিন সেনা উপস্থিতি একদমই কম বা না থাকায় এবং অঞ্চলটির নিরাপত্তার দায়িত্ব থেকে ব্রিটিশ বাহিনীকে ক্রমাগত সরিয়ে নিতে থাকায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে।
এ অবস্থায় সেখানকার প্রভাবশালী শিয়া জোট দুটির মধ্যে সমঝোতা চুক্তিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। কেননা, আগামী বছরের প্রাদেশিক নির্বাচনকে কেন্দ্র করে সেখানে গোষ্ঠীগত সহিংসতা মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24