প্যারিস, অক্টোবর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রিন্সেস ডায়ানার মৃত্যু রহস্য উদঘাটনে গঠিত জুরিবোর্ড ডায়ানা ও তার প্রেমিক দোদি আল ফায়েদের নিহত হওয়ার স্থান সরেজমিনে পরিদর্শন করবে। সোমবার ও মঙ্গলবার তারা প্যারিসের বিলাসবহুল রিজ হোটেল থেকে আলমা টানেল পর্যন্ত ঘুরে দেখবেন।
১৯৯৭ সালের ৩১ আগস্ট ডায়ানা ও দোদি আল ফায়েদ হোটেল রিজ থেকে বেরিয়ে যাওয়ার পর আলমা টানেলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এরপর ব্রিটিশ ও ফ্রান্সের তদন্তকারীরা তদন্ত শেষে জানান, পাপারাজ্জিদের তাড়া খেয়ে দ্রুত গতিতে গাড়ি চালাতে যেয়েই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। যদিও তাদের মৃত্যু নিয়ে নানা গুজব ছিল। দোদির বাবা মুহম্মদ আল ফায়েদ আদালতে দাবি করেছেন ডায়ানা ও দোদিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ব্রিটিশ রাজপরিবার।
জুরিবোর্ড আশঙ্কা করছে, তাদের প্যারিস সফরের সময়ও পাপারাজ্জিরা তাদের অনুসরণ করতে পারে। এজন্য আগে থেকেই আদালত পাপারাজ্জিদের প্রতি আহ্বান জানিয়েছে, জুরিদের প্রতি সম্মান দেখাতে।
বিচারক বেঞ্চের সভাপতি স্কট বেকার এই তদন্তের ব্যাপারে বিশ্বব্যাপী আগ্রহের কথা স্বীকার করে বলেছেন, "আমার মনে হয় জুরিরা যখন প্যারিস সফর করবেন তখন এই আগ্রহ আরও বেড়ে যাবে।"
গত সপ্তাহে তিনি লন্ডন আদালতকে বলেছিলেন, ছয়জন নারী ও পাঁচজন পুরুষের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড 'অসম্ভব চাপের মধ্যে' একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, জুরিদের কারও পরিচয় প্রকাশ না করতে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭২১ঘ.
bdnews24