ইসলামাবাদ, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মুশাররফ শনিবারের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে অধিকাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নির্বাচনের পর মুশাররফ বলেছেন, "স্বাভাবিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার চূড়ান্ত পর্যায়ের এটিই প্রথম পদক্ষেপ। নির্বাচনের প্রতিবাদে করাচি, লাহোর, পেশওয়ার ও কোয়েটায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
জয়ী হলেও নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হবে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের রায়ের পর। সেনাপ্রধানের পদে থেকে মুশাররফের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে বিরোধীদের এ রিটের শুনানি আগামী ১৭ অক্টোবর হওয়া কথা রয়েছে। এর ফলে মুশাররফের ভাগ্য ঝুলে আছে আইনের হাতেই।
প্রধান নির্বাচন কমিশনার কাজি মুহাম্মাদ ফারুক ন্যাশনাল অ্যাসেম্বলিকে বলেন, পার্লামেন্টের দুটি কক্ষে ভোট দেওয়া ২৫৭ জন সদস্যের মধ্যে ২৫২ জনের ভোট পেয়েছেন মুশাররফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াজিহুদ্দিন আহমেদ পেয়েছেন দুই ভোট এবং তিনটি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে জেনারেল পারভেজ মুশাররফ বলেন, "আজকের দিনটা অবশ্যই ঐতিহাসিক।"
আগামী ১৫ নভেম্বর সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন বলে যে অঙ্গীকার করেছিলেন তা উল্লেখ করে মুশাররফ বলেন, "প্রকৃতপক্ষে স্বাভাবিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে চূড়ান্ত পর্যায়ের এটিই প্রথম পদক্ষেপ।"
আদালত যদি নির্বাচনের ফল বাতিল করে তাহলে তিনি কি করবেন এ প্রশ্নের জবাবে সেনাশাসক মুশাররফ বলেন, "আগে তাদের সিদ্ধান্তে আসতে দিন, তারপরেই ভাবা যাবে আমরা কি করব।"
নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সংখ্যাগরিষ্ঠরা যাকে বেছে নেবেন, সেটাই গণতন্ত্র, এটাই আজকের শাসন ব্যবস্থা। এখানে কোনো সমস্যা তো নেই।"
এর আগে পার্লামেন্টে প্রধানমন্ত্রী শওকত আজিজ সাংবাদিকদের বলেন, "নির্বাচনের ফল বলছে জনগণ বর্তমান সরকারের নীতিতে আস্থাশীল। তাই তারা মুশাররফকে চায়।"
নির্বাচনের প্রতিবাদে শনিবার লাহোর, করাচি, পেশওয়ার ও কোয়েটায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
পেশওয়ারে আইনজীবীরা পার্লামেন্ট ভবনের দিকে ইটপাটকেল ছুঁড়তে শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। বিক্ষোভকারীরা মুশাররফের একটি কুশপুত্তলিকা পোড়ায়।
এর আগে স্থানীয় সময় সকাল ১০ টায় দুইকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে দুপুর ৩টা পর্যন্ত।
নির্বাচনের প্রতিবাদে নওয়াজ শরীফের নেতৃত্বাধীন বিরোধী জোটের ১৬০ জন অ্যাসেম্বলি সদস্যের পদত্যাগের মধ্য দিয়ে মুশাররফের জয়ের বিষয়টি আরও নিশ্চিত হয়।
শেষ মুহূর্তে বেনজিরের সঙ্গে সমঝোতার মাধ্যমে পাকিস্তানের বৃহত্তম বিরোধীদল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সদস্যদের ওয়াক আউট ঠেকাতে সফল হন মুশাররফ। শুক্রবার বেনজিরের বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়ে বিশেষ অধ্যাদেশ জারি করায় ওই আপোষে রাজি হয় বেনজিরের দল।
এ নির্বাচনে অপর দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পিপিপির সাবেক নেতা মাখদুম আমিন ফাহিম এবং মুশাররফ বিরোধী আইনজীবীদের মনোনীত প্রার্থী ওয়াজিহুদ্দিন আহমেদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এজে/এফএইচবি/এমএসবি/২৩২৯ ঘ.
bdnews24