তাইপে, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রচণ্ড ঝড়ো হাওয়া এবং বৃষ্টি নিয়ে শনিবার তাইওয়ানে আঘাত হেনেছ টাইফুন ক্রোসা। বন্ধ হয়ে গেছে তাইওয়ানের অনেক এলাকার বিদ্যুৎ সরবরাহ এবং বাতিল করা হয়েছে অনেকগুলো আন্তর্জাতিক ফ্লাইট। এদিকে, তাইওয়ানে আঘাত হানার পর মূল ভূখণ্ড চীনের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালি টাইফুন ক্রোসা। এ কারণে সেখানে সতর্কতা জারি করা হয়েছে।
বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনা কর্তৃপক্ষ ঝেজিয়াং এবং ফুজিয়ান প্রদেশকে নির্দেশ দিয়েছে ২৭ হাজারের বেশি মাছ ধরা নৌকাকে উপকূলের নিরাপদ স্থানে ফিরে আসতে বলার জন্য।
তাইওয়ানের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের ফলে দেশটির উত্তরাঞ্চলের স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়।
উত্তরাঞ্চলের তাইতুং এলাকার বাসিন্দা চুয়াং মিন-সিয়াং বলেন, "প্রচণ্ড গতিতে এখান বাতাস বইছে। আমরা বিদ্যুৎহীন হয়ে আছি। টাইফুন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা সবাই ঘরে বসে কাজ করছি।"
ক্রোসার আঘাতে তাইওয়ানে তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ফায়ার এজেন্সি।
তাইওয়ানের কায়োসিয়াং বিমানবন্দরের এক স্টাফ জানিয়েছেন, শনিবার ১০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
টেলিভিশন প্রতিবেদন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক রুটে তাইওয়ানের দ্বিতীয় শীর্ষস্থানীয় বিমান পরিবহন প্রতিষ্ঠান ইভা এয়ারওয়েজ এর সন্ধ্যার অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে।
ব্রিটেনের ঝড় সনাক্তকরণ সংস্থা 'ট্রপিক্যাল স্টর্ম রিস্ক' ক্রোসাকে একটি ক্যাটাগরি ৪ ঘূর্ণিঝড় হিসাবে অভিহিত করেছে।
তাইওয়ানের 'সেন্ট্রাল ওয়েদার ব্যুরো' জানিয়েছে, সপ্তাহ ধরে শক্তি সঞ্চয়ের পর টাইফুন ক্রোসা শনিবার গ্রিনিচ সময় ০২০০ ঘণ্টায় তাইওয়ানের উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল এবং তার বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ২২৭ কিলোমিটার পর্যন্ত উন্নীত হচ্ছিল।
ট্রপিক্যাল স্টর্ম রিস্ক জানিয়েছে, রোববার সকাল নাগাদ ক্রোসা দুর্বল হয়ে সম্ভবত ক্যাটাগরি ৩ ঝড়ে পরিণত হবে। এবং রোববার দিনের মাঝামাঝিতে ক্যাটাগরি ২ ঝড়ে পরিণত হয়ে এটি চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হানতে পারে।
চীনের সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, টাইফুন ক্রোসার কারণে তাদের সপ্তাব্যাপী ছুটি ঝেজিয়াংয়ের উপকূলীয় এলাকায় বাতিল ঘোষণা করা হয়েছে এবং সেখানকার দ্বীপগুলো থেকে ছুটি কাটাতে আসা লোকদের সরিয়ে আনা হয়েছে। পাশ্ববর্তী ফুজিয়ান প্রদেশও উপকূলীয় এলাকার ছুটি বাতিল করেছে এবং পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭৪৭ ঘ.
bdnews24