অসলো, অক্টোবর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রচারণায় অবদান রাখায় এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিশেষজ্ঞদের পছন্দে এগিয়ে আছেন সাবেক মার্কিন সহকারি প্রেসিডেন্ট আল গোর ও কানাডার এক পরিবেশকর্মী।
চলতি মাসেই নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এ বছর যদি পরিবেশকর্মীদের কেউ শান্তি পুরস্কার পান তাহলে নোবেল শান্তি পুরস্কারের ধারায় পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে। একসময় রাষ্ট্রনায়ক ও মানবাধিকার কর্মীদের জন্য এই পুরস্কারটি সংরক্ষিত ছিল। এবার পরিবেশ আন্দোলনে শান্তি পুরস্কার পেলে শান্তি ও পরিবেশের মধ্যে যোগসূত্র আরও জোরদার হবে।
আগামী ১২ নভেম্বর নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তি পুরস্কার ঘোষণা করা হবে। এবছর প্রাথমিকভাবে নির্বাচিত মোট ১৮০ জনের মধ্য থেকে শান্তি পুরস্কার বিজয়ী নির্বাচিত হবেন।
আল গোর তার বই ও অস্কার জয়ী ডকুমেন্টরি 'একটি পীড়াদায়ক সত্য' এর মাধ্যমে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রেখেছেন।
এছাড়া, নোবেল শান্তি পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন কানাডার পরিবেশকর্মী শায়লা ওয়াট-ক্লাউটার। বিশ্ব উষ্ণায়ন কিভাবে আর্কটিক অঞ্চলের মানুষের জীবনকে প্রভাবিত করছে তিনি সেটা সফলভাবে তুলে ধরেছেন। তার সঙ্গে যৌথভাবে মনোনীত হয়েছেন নরওয়ের দুই পার্লামেন্ট সদস্য।
দীর্ঘদিন ধরে নোবেল শান্তি পুরস্কার জয়ী নির্বাচনের সঙ্গে জড়িত অসলো ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সস্টিটিউটের পরিচালক স্টেইন টনিসন বলেন, "আমি মনে করি এদের মধ্য থেকেই কেউ এবার শান্তি পুরস্কার পেতে পারেন।"
তিনি আরও বলেন, "শান্তি পুরস্কারের জন্য দুই উত্তর আমেরিকান নোবেল কমিটিকে প্রলুব্ধ করছে। এদের মধ্যে একজন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনকে একটা বিশেষ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরি করেছেন। অন্যজন জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছু মানুষ প্রতিনিধিত্ব করছেন।
'নরওয়েজিয়ান ইন্সস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এ্যাফেয়াসর্' এর প্রধান জ্যান এগাল্যান্ড মনে করেন, শান্তি পুরস্কারের জন্য পরিবেশকর্মীদের বেছে নিয়ে নোবেল কমিটি শান্তি ও পরিবেশের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে।
তিনি গত সপ্তাহে রয়টার্সকে বলেন, "আমি মনে করি, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ শান্তি পুরস্কারের বিষয় হতে পারে।"
সবুজ বিপ্লবের জন্য ২০০৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন কেনিয়ার পরিবেশকর্মী ওয়াঙ্গারি মাথাই। গত বছর এ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. মুহম্মদ ইউনূস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩৩ঘ.
bdnews24