২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ আফ্রিকার স্বর্ণখনিতে আটকে পড়া সব শ্রমিককে উদ্ধার

দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনিতে বুধবার ভয়াবহ দুর্ঘটনায় আটকে পড়া ৩,২০০ শ্রমিকের সবাইকেই শেষপর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার পর প্রায় একদিন ধরে চলে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। সব শ্রমিককে উদ্ধার করতে পারায় উদ্দাম উৎসবের মধ্য দিয়ে বৃহস্পতিবার উদ্ধার অভিযান শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2007, 11:26 AM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ইলান্দস্রান্দ খনি, দক্ষিণ আফ্রিকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনিতে বুধবার ভয়াবহ দুর্ঘটনায় আটকে পড়া ৩,২০০ শ্রমিকের সবাইকেই শেষপর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনার পর প্রায় একদিন ধরে চলে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। সব শ্রমিককে উদ্ধার করতে পারায় উদ্দাম উৎসবের মধ্য দিয়ে বৃহস্পতিবার উদ্ধার অভিযান শেষ হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৮ মিনিটে 'হারমনি ইলান্দস্রান্দ স্বর্ণখনি' থেকে শেষ আটকে পড়া শ্রমিককেও বের করে আনা সম্ভব হয়। ৫৭ বছর বয়সী মান্দিস মানদাঙ্গাই ছিলেন সেই ভাগ্যবান শ্রমিকদের শেষজন। বেরিয়ে আসার পরপরই তিনি বলেন, "ভেতরে খুব গরম, আর আমি খুবই ক্লান্ত। তবে এখন আমি ভাল আছি।" দক্ষিণ আফ্রিকার খনিজ ও জ্বালানি মন্ত্রী বেইলওয়া সোনজিকা নিজেও উদ্ধার অভিযান সফল হওয়ায় নেচে গেয়ে উদ্ধারকারী আর শ্রমিকদের সঙ্গে আনন্দ উৎসবে যোগ দেন। সোনজিকা বলেন, "আমি খুবই খুবই আনন্দিত। ৩,২০০ মানুষকে বাঁচাতে পারা একটা অনন্য অর্জন।" বুধবারের দুর্ঘটনায় আটকা পড়া শ্রমিকদের মধ্যে প্রায় ২০০ জন নারী শ্রমিকও ছিলেন। খনির প্রধান লিফটের বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে এবং শ্রমিকরা ভেতরে আটকা পড়েন। এর আগে খনির মালিক হারমোনি গোল্ড জানান, দুর্ঘটনায় খনির লিফটের বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে এবং দ্বিতীয় একটি লিফট দিয়ে নির্ঝঞ্ঝাটে উদ্ধার কাজ চলছে। এদিকে, দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের শক্তিশালী ইউনিয়নের অভিযোগ, অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে । এদিকে, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ন্যাশনাল ইউনিয়ন অফ মাইনওয়ার্কার্স (নাম) বলেছে, তারা সন্দেহ করছে অবহেলার এবং দিনের ২৪ ঘণ্টাই অবিরাম কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। 'নাম' প্রেসিডেন্ট সেনজেনি জোকবানা সাংবাদিকদের বলেন, "আমরা সন্দেহ করছি অবহেলার, অবিরাম কাজ চলার কারণে সেখানে ভালভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কোনো সময় থাকে না।" জোকবানা বলেন, শ্রমিকদের বিকল্প পথে বের হয়ে আসার জন্য জরুরি পথ থাকা প্রয়োজন। তিনি বলেন, "খনির ধরনই একটা সমস্যা। আমরা চাই কোম্পানিগুলো খনি থেকে বেরিয়ে আসার জন্য পার্শ্ববর্তী খনির সঙ্গে সংযোগকারী বিকল্প পথ তৈরি করবে।" ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার নীচে ১৫ ঘণ্টার বেশি সময় আটকে ছিলেন শ্রমিকরা। হারমনি মাইনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগস জানান, খনির কাজ বন্ধ রয়েছে। তিনি বলেন, ক্ষয়-ক্ষতির মেরামত শেষ হওয়ার এবং তদন্ত শুরু হওয়ার আগ পর্যন্ত খনিটি বন্ধ থাকবে। তিনি বলেন, দুর্ঘটনার পর আটকেপড়াদের সঙ্গে উদ্ধারকর্মীদের যোগাযোগ ছিল এবং তাদেরকে বিশুদ্ধ বায়ু ও পানি সরবরাহ করা হয়। বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকার স্বর্ণ খনিগুলোও বিশ্বের মধ্যে সবচেয়ে গভীর। আর এখানকার খনি কোম্পানিগুলো শ্রমিকদের নিরাপত্তার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে শ্রমিক ইউনিয়নগুলোর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.