ওয়াশিংটন, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের বাগদাদে বিনা উস্কানিতে বেসামরিক মানুষদের ওপর গুলি বর্ষণ এবং নিপীড়ন চালানোর ব্যাপারে এবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্রতিবেদনেও দোষী সাব্যস্ত হয়েছে দেশটির বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার। সেপ্টেম্বরের ১৬ তারিখের ওই ঘটনায় কমপক্ষে ১১ ইরাকি নিহত হন। 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকা শুক্রবার একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এক উর্ধ্বতন সেনা কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, ব্ল্যাকওয়াটারের দোষ থাকার ইরাক সরকারের অভিযোগ আরও দৃঢ়ভাবে প্রমাণিত হচ্ছে মার্কিন সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনে।
বাগদাদের 'নিসুর স্কয়ারে' একটি গাড়িতে করে যাওয়ার সময় বিনা উস্কানিতে বেসামরিক ইরাকিদের গুলি করতে শুরু করে ব্ল্যাকওয়াটার নিরাপত্তা রক্ষীরা। এ ঘটনায় কমপক্ষে ১১ ইরাকি নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে এক সেনা কর্মকর্তা প্রত্রিকাটিকে বলেন,"নিঃসন্দেহে এটি ছিল মারাত্মক রকরেমর বাড়াবাড়ি। অবশ্যই বড় ধরনের ভুল ছিল এটা।"
তিনি বলেন, "যে বেসামরিক ইরাকিদের গুলি করা হয়েছে তাদের কারো কাছেই পাল্টা গুলি ছোঁড়ার মতো কোনো অস্ত্র ছিল না। এবং কোনো ইরাকি পুলিশ কিংবা স্থানীয় নিরাপত্তা কর্মীরাও তাদের দিকে পাল্টা গুলি ছোঁড়েনি।"
ওই কর্মকর্তা আরও জানান, মেশিনগানের গুলি ছাড়াও সেখানে গ্রেনেড ব্যবহার করেছে ব্ল্যাকওয়াটার নিরাপত্তা রক্ষীরা।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রতক্ষ্যদর্শীদের সাক্ষ্য-বিবৃতি এবং ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে মার্কিন সেনাবাহিনী।
বাগদাদের নিসুর স্কয়ারের ওই ঘটনার পরপরই আরেক জায়গায় আরেকটি ভয়াবহ হত্যাকাণ্ডের কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এক ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা এবং আরও পাঁচ ব্যক্তি।
এ ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের নেতৃত্বে রয়েছে এফবিআই। এছাড়া পেন্টাগন এবং একটি যৌথ ইরাকি-মার্কিন দলও ঘটনাটি তদন্ত করে দেখছে।
ইরাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান ব্ল্যাকওয়াটার বাগদাদের এ হত্যাকাণ্ড ছাড়াও ইরাকে আরও বহু সংঘর্ষ নিপীড়নের ঘটনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।
২০০৭ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত ইরাকে কমপক্ষে ১৯৫টি সংঘাতের ঘটনায় জড়িত ব্ল্যাকওয়াটার। এর মধ্যে কমপক্ষে ১৬৩ টিতে আগে হামলা করেছে কিংবা গুলি চালিয়েছে ব্ল্যাকওয়াটার রক্ষীরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৩০ ঘ.
bdnews24