সান্তিয়াগো, অক্টোবর ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চিলির সাবেক স্বৈরশাসক অগুস্তো পিনোশে'র বিধবা স্ত্রী এবং পাঁচ সন্তানকে গেপ্তার করা হয়েছে। পিনোশের বিরুদ্ধে প্রতারণা এবং রাষ্ট্রীয় তহবিলের প্রায় ২ কোটি ৭০ লাখ ডলার আত্মসাত এবং তা বিদেশের ব্যাংকে লুকিয়ে রাখার অভিযোগ তদন্তে বৃহস্পতিবার তাদের গেপ্তার করা হয়।
অগুস্তো পিনোশে ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চিলি শাসন করেন। এই স্বৈরাশাসকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, অর্থ আত্মসাত ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও কোনো প্রকার বিচারের মুখোমুখি না হয়েই গত বছরের ডিসেম্বরে ৯১ বছর বয়সে মারা যান তিনি।
পিনোশে'র পরিবারের আটক সদস্যরা হলেন তার স্ত্রী লুসিয়া হিরিয়ার্ত (৮৪), পাঁচ সন্তান - অগুস্তো, মার্কো, অ্যান্তোনিও, জ্যাকুলিন ও ভেরোনিকা।
দেশটির বর্তমান মধ্য-বামপন্থী সরকার পিনোশে পরিবারের সদস্যদের গেপ্তারের বিষয়টিকে পুরোপুরি বিচার বিভাগের সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে।
বিচারক কার্লোস সেদ্রা পিনোশের স্ত্রী সন্তানদের আটকাদেশ ছাড়াও আরও ১৭ জনের বিরুদ্ধে গেপ্তারি পরোয়ানা জারি করেন। এদের মধ্যে পিনোশে আমলের সেনা কর্মকর্তা, পিনোশের ব্যক্তিগত সচিব, তার বন্ধুবান্ধব এবং নিকটজনদের নাম রয়েছে।
বিচারক সেদ্রা সাংবাদিকদের বলেন, " প্রায় ২ লাখ পৃষ্ঠার নথিপত্র রয়েছে আদালতের কাছে। মামলাগুলো খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।"
আইনজীবিরা বরাবরই বলে আসছিলেন পিনোশের বৃহত্তর পরিবার বভিন্ন সময়ে নানা অনৈতিক সুবিধা গ্রহণ করেছেন এবং তার র্দুর্নীতি ও ক্ষমতার অপব্যাবহার থেকে লাভবান হয়েছেন। তাই তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। তবে এবারই প্রথম অর্থ আত্মসাত মামলায় তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হল।
যুক্তরাষ্ট্র সমর্থিত এক অভ্যুত্থানের মাধ্যমে সমাজতন্ত্রী প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দেকে ক্ষমতাচ্যুত করে চিলির ক্ষমতা দখল করেন পিনোশে। স্নায়ুযুদ্ধকালীন সময়েরে প্রায় পুরো সময় জুড়ে ল্যাতিন আমেরিকার সবচেয়ে দুর্র্ধষ স্বৈরশাসক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।
ক্ষমতা দখল করেই বামপন্থী এবং বিরোধীদের নিধন ও দমন-পীড়ন শুরু করেন পিনোশে। পিনোশের শাসন আর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সমার্থক শব্দে পরিণত হয়। পিনোশে আমলে রাজনৈতিক সহিংসতায় প্রায় ৩,০০০ মানুষকে হত্যা করা হয়, প্রায় ২৮,০০০ মানুষ কারাভোগসহ নানা নির্যাতনের শিকার হন এবং চিলির হাজার হাজার নাগরিক নির্বাসিত জীবন যাপনে বাধ্য হন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩২৫ ঘ.
bdnews24