মস্কো, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মস্কোর পুরাতন কেজিবি সদরদপ্তর এবং রেড স্কয়ারের সংযোগ সড়কের একটি ভবনের নীচ থেকে নির্মাণ শ্রমিকরা ৩৪টি কঙ্কাল এবং একটি জং ধরা পিস্তল উদ্ধার করেছেন।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কঙ্কালগুলো ১৯৩০ দশকের হতে পারে; যখন জোসেফ স্ট্যালিনের এনকেভিডি গোয়েন্দা পুলিশ তাদের সদর দপ্তরের কাছাকাছি ভবনগুলোর বেজমেন্টে নিয়ে অসংখ্য লোককে গুলি করে হত্যা করেছিল। 'গ্রেট টেরর আমল' নামে পরিচিত এ সময়ে হাজার হাজার লোককে হত্যা করা হয় বা অনেকেই নিখোঁজ হয়ে যায়।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, কঙ্কালগুলোর পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ মাথার খুলিতে বুলেটের গর্ত দেখতে পেয়েছেন।
পুলিশের এক সূত্রের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, "খুব কাছ থেকে গুলিগুলো করা হয়েছে। কঙ্কালগুলোর ক্ষত এবং অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে শ্রমিকরা একটি হত্যা কক্ষ আবিষ্কার করেছেন। লাশগুলো কমপক্ষে ৬০ বছর ধরে বেজমেন্টে পড়ে আছে।"
রাশিয়ার পুলিশ নিশ্চিত করেছে যে, কঙ্কালগুলো একটি বেজমেন্টের মেঝের নীচে পুতে রাখা অবস্থায় পাওয়া গেছে। তবে এ বিষয়ে তারা আর বিস্তারিত কিছু জানাননি।
রিজিওনাল প্রসিকিউটর্স এর অফিসের এক মুখপাত্র সার্জেই বালুচেভস্কি বলেন, "হয় তাদেরকে জারের আমলে হত্যা করা হয়েছিল নতুবা ভয়াবহ কোনো রোগে তারা মারা গিয়েছিলেন।"
বালুচেভস্কি বলেন, লাশগুলোর পাশে পাওয়া পিস্তলটি ১৯০৩ সালের। প্রসঙ্গত, ১৯১৭ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস।
নিকোলস্কায়া স্ট্রিটের ১৯ শতকের কম-উঁচু ভবনগুলোর একটির এক ঘরে পাওয়া গেছে এ কঙ্কালগুলো। পুলিশ ঘরটি ঘিরে রেখেছে। প্রসঙ্গত, নিকোলস্কায়া স্ট্রিটে অবস্থিত সাবেক সোভিয়েত ও রাশিয়ার গোয়েন্দা পুলিশের সদরদপ্তর।
মানবাধিকার সংগঠন 'মেমোরিয়াল' সূত্রে জানা যায়, স্ট্যালিনের 'গ্রেট টেরর' আমলের ১৯৩৭ সালের আগস্ট মাস থেকে ১৯৩৮ সালের নভেম্বর মাসের মধ্যে ১৭ লাখ সোভিয়েত নাগরিককে গ্রেপ্তার করা হয়। আর হত্যা করা হয় তাদের আট লাখ ১৮ হাজার জনকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১৭১৭ ঘ.
bdnews24